Logo

এক দিনেই দুই দফায় বাড়ল সোনার দাম, অস্থিরতায় নাজেহাল ক্রেতা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:১০
এক দিনেই দুই দফায় বাড়ল সোনার দাম, অস্থিরতায় নাজেহাল ক্রেতা
ছবি: সংগৃহীত

দেশের সোনার বাজারে অস্থিরতা কাটছে না। আন্তর্জাতিক বাজারের দামের ওঠানামার প্রভাব সরাসরি পড়ছে স্থানীয় বাজারে। এমন প্রেক্ষাপটে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ও বিকেল— দুই দফায় সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বিজ্ঞাপন

বাজুসের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ১০ হাজার ৯০৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে করে ২২ ক্যারেট সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। সকালে এ দাম ছিল ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা, আর আগের দিন বিকেলে ছিল ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা। অর্থাৎ একদিনেই দু’দফায় মোট ১৬ হাজার ৩৩০ টাকা বেড়েছে সোনার দাম।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে প্রকাশিত বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তেজাবি বা বিশুদ্ধ সোনার দাম বাড়ায় স্থানীয় বাজারেও মূল্য সমন্বয় করা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যান্য ক্যারেটের সোনার নতুন দাম:- ২১ ক্যারেট: ভরি ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা; ১৮ ক্যারেট: ভরি ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা; সনাতন পদ্ধতি: ভরি ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা

সোনার পাশাপাশি রুপার দামেও ঊর্ধ্বগতি:- ২২ ক্যারেট রুপা: ভরি ৬ হাজার ৫৩২ টাকা; ২১ ক্যারেট: ৬ হাজার ২৪০ টাকা; ১৮ ক্যারেট: ৫ হাজার ৩৬৫ টাকা; সনাতন পদ্ধতি: ৪ হাজার ২৪ টাকা

আন্তর্জাতিক বাজারে সাম্প্রতিক সময়েও দামের বড় ধরনের ওঠানামা দেখা গেছে। রোববার লেনদেন বন্ধ থাকলেও সোমবার বাজার খোলার পর দরপতন হয়। মঙ্গলবারও নিম্নমুখী প্রবণতার মধ্যেই কেনাবেচা চলছে।

বিজ্ঞাপন

গত সপ্তাহে বিশ্ববাজারে সোনার দাম দ্রুত বাড়তে থাকায় দেশের বাজারেও রেকর্ড পরিমাণ মূল্য বৃদ্ধি করে বাজুস। বৃহস্পতিবার এক ধাপে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বাড়ানো হয়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ একদিনের বৃদ্ধির রেকর্ড। তখন ২২ ক্যারেট সোনার দাম উঠেছিল ২ লাখ ৮৬ হাজার টাকায়।

তবে ২৪ ঘণ্টা না পেরোতেই শুক্রবার সকালে ভরিতে ১৪ হাজার ৬০০ টাকা পর্যন্ত কমানো হয়। ফলে দাম নেমে আসে ২ লাখ ৭১ হাজার টাকায়।

বিজ্ঞাপন

সব মিলিয়ে, আন্তর্জাতিক বাজারের অস্থিরতার কারণে দেশের সোনার বাজারে দামের বড় ধরনের ওঠানামা অব্যাহত রয়েছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD