ঈদের আগে মুরগির দাম চড়া, কমেছে সবজির দাম

ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর বাজারে মুরগির দাম আবারও বাড়তে শুরু করেছে। গত এক সপ্তাহে বিভিন্ন ধরনের মুরগির কেজিপ্রতি দাম প্রায় ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে কয়েক মাস ধরে কমতে থাকা ডিমের দামও কিছুটা বৃদ্ধি পেয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ঈদের আগে মুরগির চাহিদা বাড়ায় বাজারে দামও বেড়েছে। বিক্রেতাদের ভাষ্য, চাহিদা বাড়লেও সরবরাহ তুলনামূলক কম থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।
বাজারে বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকায়। সোনালি ও লেয়ার মুরগির দাম কেজিপ্রতি ৩৩০ থেকে ৩৫০ টাকার মধ্যে। অথচ মাত্র এক সপ্তাহ আগেও ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা, সোনালি ২৮০ থেকে ৩০০ টাকা এবং লেয়ার মুরগি ২৭০ থেকে ২৯০ টাকায় বিক্রি হয়েছিল।
বিজ্ঞাপন
অন্যদিকে দেশি মুরগির দামও বেড়েছে। এখন বাজারে প্রতি কেজি দেশি মুরগি বিক্রি হচ্ছে ৬৫০ থেকে ৭০০ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল প্রায় ৬০০ থেকে ৬২০ টাকার মধ্যে।
রাজধানীর রামপুরা বাজারের এক বিক্রেতা ফরিদ হোসেন জানান, ঈদ উপলক্ষে সাধারণত মুরগির চাহিদা বেড়ে যায়। অনেক পরিবার এবং রেস্টুরেন্টেও এ সময় মুরগির ব্যবহার বাড়ে। তবে চাহিদা বাড়লেও প্রত্যন্ত অঞ্চল থেকে পর্যাপ্ত সরবরাহ আসছে না। পাইকারি বাজারেও প্রতিদিন সামান্য করে দাম বাড়ছে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
এদিকে দীর্ঘদিন কম থাকার পর ফার্মের ডিমের দামও কিছুটা বেড়েছে। বর্তমানে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়, যা সপ্তাহখানেক আগে থেকে প্রায় ১০ টাকা বেশি।
তবে অন্যান্য অনেক পণ্যের দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে। রমজান শেষের দিকে হওয়ায় ছোলা ও ডালের দাম কেজিপ্রতি প্রায় ১০ টাকা কমে বিক্রি হতে দেখা গেছে। চিনির দামও আগের মতো কেজিপ্রতি ১০০ থেকে ১১০ টাকার মধ্যে রয়েছে।
কিছুদিন আগে বাজারে ভোজ্যতেলের সরবরাহে সংকট থাকলেও এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। যদিও সব দোকানে সমানভাবে তেল পাওয়া যাচ্ছে না। বর্তমানে বোতলজাত ভোজ্যতেল প্রতি লিটার প্রায় ১৯৫ টাকায় বিক্রি হচ্ছে।
বিজ্ঞাপন
অন্যদিকে সবজির বাজারে স্বস্তি দেখা গেছে। অনেক সবজির দাম কমে এসেছে। বেগুন বিক্রি হচ্ছে কেজিপ্রতি প্রায় ৬০ টাকায়, যা গত সপ্তাহের তুলনায় প্রায় ২০ টাকা কম। করলা ছাড়া বেশিরভাগ সবজি ৬০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন: ঈদ উৎসবের আমেজে বেড়েছে প্রবাসী আয়
বাজারে আলুর দাম কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকা এবং পেঁয়াজ ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
বিজ্ঞাপন
শান্তিনগর বাজারের সবজি বিক্রেতা মহিবুল বলেন, রমজানের শেষ দিকে অনেক মানুষ ঢাকা ছাড়ায় বাজারে ক্রেতা কমে গেছে। সরবরাহ বেশি থাকলেও চাহিদা কম থাকায় সবজির দাম কমে এসেছে।








