ইসলামী ব্যাংকের বর্তমান এমডি বাধ্যতামূলক ছুটিতে, দায়িত্বে আলতাফ হুসাইন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে শীর্ষ পর্যায়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ওমর ফারুক খানকে দেড় মাসের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মো. আলতাফ হুসাইনকে।
বিজ্ঞাপন
ব্যাংকের পরিচালনা পর্ষদের রবিবার (১২ এপ্রিল) অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী সোমবার (১৩ এপ্রিল) থেকে উভয় আদেশ কার্যকর হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পরিপ্রেক্ষিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
ব্যাংকিং খাতের প্রচলিত নিয়ম অনুযায়ী, কোনো ব্যাংকের এমডিকে অপসারণ বা পরিবর্তনের ক্ষেত্রে পরিচালনা পর্ষদ সাধারণত বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেয়। তবে এ ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশেই ওমর ফারুক খানকে সাময়িকভাবে দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
মো. ওমর ফারুক খান ১৯৮৬ সালে ইসলামী ব্যাংকে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ প্রায় চার দশকের ক্যারিয়ারে তিনি ট্রেজারি, বৈদেশিক বাণিজ্য ও করপোরেট বিনিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন। গত বছরের আগস্ট মাসে তিনি ব্যাংকটির এমডি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের একজন ডিপ্লোম্যাট অ্যাসোসিয়েট।
অন্যদিকে, ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পাওয়া মো. আলতাফ হুসাইন ব্যাংকিং খাতে দীর্ঘদিনের অভিজ্ঞ পেশাজীবী। এতদিন তিনি ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক (বিনিয়োগ) পদেও কাজ করেছেন।
কর্মজীবনে আলতাফ হুসাইন ব্যাংকের ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট উইং, ঢাকা সেন্ট্রাল জোন, কর্পোরেট ইনভেস্টমেন্ট ডিভিশন-২ এবং এসএমই ইনভেস্টমেন্ট ডিভিশন-২-এর প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০০৪ সালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে ইসলামী ব্যাংকে যোগদানের মধ্য দিয়ে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়। এর আগে তিনি ব্র্যাক, মাইডাস, এসইডিএফ ও গ্রামীণ ফান্ডসহ বিভিন্ন উন্নয়ন সংস্থায় কাজ করেছেন।
বিজ্ঞাপন
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি এফবিসিসিআই, বিআইবিএম, আইএফসি, ডিসিসিআই ও সিআরআইএসএলসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, ব্যাংকিং খাতে দীর্ঘ অভিজ্ঞতা ও বিনিয়োগ ব্যবস্থাপনায় দক্ষতার কারণে আলতাফ হুসাইনের এ নিয়োগ বর্তমান পরিস্থিতিতে ইসলামী ব্যাংকের কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হবে।








