Logo

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন, দেশে ভরি কত?

profile picture
জনবাণী ডেস্ক
১৩ এপ্রিল, ২০২৬, ১২:৫৮
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন, দেশে ভরি কত?
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে সোনার দাম প্রায় এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা ভেঙে যাওয়ায় নতুন করে উত্তেজনা তৈরির আশঙ্কায় ডলার ও তেলের দাম বেড়ে যাওয়ায় সোনার বাজারে এই প্রভাব পড়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

বিজ্ঞাপন

সোমবার (১৩ এপ্রিল) ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।  

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল ৮টা ২২ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম ০ দশমিক ৬ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৭১৮ দশমিক ৯৮ ডলারে দাঁড়ায়। দিনের শুরুতে ৭ এপ্রিলের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায় এই দাম। আর জুনে ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১ শতাংশ কমে ৪ হাজার ৭৪২ ডলারে নেমে আসে।

বিজ্ঞাপন

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার রয়টার্সকে বলেন, শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় যুদ্ধবিরতির আশা ধাক্কা খেয়েছে। এতে ডলার ও তেলের দাম বেড়ে যাওয়ায় সোনায় বিনিয়োগ কমেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে ১১ শতাংশের বেশি কমেছে সোনার দাম। ওয়াটারার আরও বলেন, তেলের দাম ১০০ ডলারের ওপরে উঠলেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের সুদহার বাড়ানোর সম্ভাবনা সামনে আসে। মূলত, এই সুদের হার সংক্রান্ত প্রত্যাশাই সোনার দামে নেতিবাচক প্রভাব ফেলছে।

সোনার পাশাপাশি রুপা ও প্লাটিনামের দামও কমে গেছে বিশ্ববাজারে। এর মধ্যে রুপার দাম ২ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৭৪ দশমিক ২৩ ডলারে নেমে এসেছে। একইভাবে প্লাটিনামের দামও ০ দশমিক ৫ শতাংশ কমে ২ হাজার ৩৪ দশমিক ৯৫ ডলারে দাঁড়িয়েছে। তবে, প্যালাডিয়ামের দাম ১ শতাংশ বেড়ে ১ হাজার ৫৩৫ দশমিক ৭৭ ডলারে পৌঁছেছে।

বিজ্ঞাপন

এদিকে দেশের বাজারে সোনার দাম এখনো উচ্চ পর্যায়ে রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) তথ্য অনুসারে, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম বর্তমানে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকায় বেচাকেনা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারের এই দরপতন দেশীয় বাজারে শিগগিরই প্রভাব ফেলতে পারে, তবে স্থানীয় চাহিদা ও আমদানি খরচের কারণে দামের পরিবর্তন সাধারণত ধীরগতিতে হয়।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD