Logo

ভরিতে সোনার দাম কমল ৫ হাজার টাকার বেশি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ জুন, ২০২৬, ১১:৫২
ভরিতে সোনার দাম কমল ৫ হাজার টাকার বেশি
ছবি: সংগৃহীত

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নেমে এসেছে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকায়।

বিজ্ঞাপন

শনিবার (৬ জুন) সকালে বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন মূল্যতালিকা প্রকাশ করে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমে যাওয়ায় দেশের বাজারেও সোনার দাম সমন্বয় করা হয়েছে। নতুন দর সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

সংশোধিত মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ৬৮৪ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনার দাম রাখা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা।

বিজ্ঞাপন

শুধু সোনাই নয়, রুপার দামেও আনা হয়েছে পরিবর্তন। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ২৪৯ টাকা। ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ২০৮ টাকায় বিক্রি হবে।

বাজুসের এই মূল্যহ্রাসের ফলে স্বর্ণ ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD