Logo

বিএসইসির চেয়ারম্যান হলেন মাসুদ খান, নিয়োগ পেলেন আরও ৩ কমিশনার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ জুন, ২০২৬, ১৫:৫৭
বিএসইসির চেয়ারম্যান হলেন মাসুদ খান, নিয়োগ পেলেন আরও ৩ কমিশনার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন করপোরেট ব্যক্তিত্ব মাসুদ খান। একই সঙ্গে কমিশনের তিনটি কমিশনার পদেও নতুন নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

নতুন কমিশনাররা হলেন আইনজীবী নাহিদ মাহতাব, আশা ইন্টারন্যাশনালের ফাইন্যান্স ডিরেক্টর তানভীর হাবিব রহমান এবং ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক নাফিজ-আল-তারিক। তবে কমিশনের চার কমিশনার পদের একটি আপাতত শূন্য রাখা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাদের নিয়োগ চূড়ান্ত করেছে। চার বছরের জন্য নিয়োগ পাওয়া এই কর্মকর্তারা বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে বিএসইসির কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করবেন।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ৫(২) অনুযায়ী মাসুদ খানকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী চার বছর তিনি এ পদে থাকবেন।

নিয়োগের শর্ত অনুযায়ী, চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক থেকে সরে দাঁড়াতে হবে। তার বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে।

বর্তমানে মাসুদ খান ক্রাউন সিমেন্ট পিএলসির গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি দেশের করপোরেট ও পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন

এর আগে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং কমিশনার মোহসীন চৌধুরী, আলী আকবর, ফারজানা লালারুখ ও সাইফুদ্দিন একযোগে পদত্যাগপত্র জমা দেন।

পুঁজিবাজারসংশ্লিষ্টরা মনে করছেন, নতুন নেতৃত্বের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা, বাজারে সুশাসন নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বিভিন্ন কাঠামোগত সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া।

বিজ্ঞাপন

চার দশকেরও বেশি সময়ের পেশাগত অভিজ্ঞতা রয়েছে মাসুদ খানের। সুশাসন, অর্থ ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক নেতৃত্বে তার দীর্ঘ অভিজ্ঞতা পুঁজিবাজারে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি আইন সংশোধনের মাধ্যমে বিএসইসি চেয়ারম্যান হওয়ার ক্ষেত্রে বয়সসীমার বাধ্যবাধকতা তুলে দেয় সরকার। আগে এ পদে দায়িত্ব পালনের সর্বোচ্চ বয়স ছিল ৬৫ বছর। তবে সংশোধিত আইনের ফলে ৭১ বছর বয়সী মাসুদ খানের জন্য চেয়ারম্যান হওয়ার পথ উন্মুক্ত হয়।

বর্তমানে তিনি ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের চেয়ারম্যান এবং ক্রাউন সিমেন্ট গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে দীর্ঘ ১৮ বছর লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে কাজ করেছেন। পাশাপাশি প্রায় দুই দশক ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক পদে দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন

এ ছাড়া তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, ম্যারিকো বাংলাদেশ, সিঙ্গার বাংলাদেশ এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির স্বাধীন পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD