Logo

দোকান-শপিংমল খোলা রাখার সময়সীমা বাড়াল সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ জুন, ২০২৬, ১৭:০৮
দোকান-শপিংমল খোলা রাখার সময়সীমা বাড়াল সরকার
ফাইল ছবি

দেশজুড়ে দোকানপাট, মার্কেট ও শপিংমল খোলা রাখার সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখা যাবে। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ জুন) আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মো. হেলাল উদ্দিন জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু দুপুরে টেলিফোনে তাকে বিষয়টি অবহিত করেন।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দেশের মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট চালু রাখা যাবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সময়সীমা বৃদ্ধির ফলে ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী ও জ্বালানি প্রতিমন্ত্রীকে ধন্যবাদও জানান দোকান মালিক সমিতির সভাপতি।

এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ও পৃথক এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (১২ জুন) থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে। সরকারের এ নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন সময়সূচি শুধু দোকানপাট ও বিপণিবিতানের জন্যই নয়, দেশের বিভিন্ন স্থানে চলমান এবং ভবিষ্যতে অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে খাবারের হোটেল-রেস্তোরাঁ, হাসপাতাল, ফার্মেসিসহ জরুরি সেবামূলক প্রতিষ্ঠানগুলো এ সময়সীমার আওতার বাইরে থাকবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এর আগে সারা দেশের দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। ঈদের পর সেই বিশেষ ব্যবস্থা প্রত্যাহার করে পুনরায় সন্ধ্যা ৭টার মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের নিয়ম চালু করা হয়। সর্বশেষ সরকারের নতুন সিদ্ধান্তে আবারও দুই ঘণ্টা সময় বাড়ানো হলো, ফলে ব্যবসায়ীরা রাত ৯টা পর্যন্ত তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD