Logo

ব্রয়লারের দাম কেজিতে বেড়েছে ৩০ টাকা, মাছের বাজারও চড়া

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ জুলাই, ২০২৬, ১২:২৫
ব্রয়লারের দাম কেজিতে বেড়েছে ৩০ টাকা, মাছের বাজারও চড়া
ছবি: সংগৃহীত

রাজধানীর কাঁচাবাজারে এক সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে ব্রয়লার মুরগির দাম। কেজিপ্রতি প্রায় ৩০ টাকা বৃদ্ধি পেয়ে বর্তমানে ব্রয়লার বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়। একই সঙ্গে অধিকাংশ মাছের দামও উচ্চ পর্যায়ে থাকায় স্বস্তি নেই ক্রেতাদের। তবে গরুর মাংস ও ডিমের বাজারে তেমন পরিবর্তন দেখা যায়নি। শুক্রবার (৩ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিজ্ঞাপন

বাজারে রুই মাছ আকারভেদে প্রতি কেজি ৩০০ থেকে ৪০০ টাকা, কাতল ২৩০ থেকে ৫০০ টাকা, ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, টেংরা ৫০০ থেকে ৭০০ টাকা এবং টাকি ২৫০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া তেলাপিয়া ১২০ থেকে ১৬০ টাকা, পাঙাশ ২০০ থেকে ২২০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইম ৬০০ থেকে ৮০০ টাকা, কই ৪০০ থেকে ৫০০ টাকা, শিং ৪০০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং শোল মাছ ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

চিংড়ি মাছের দামও তুলনামূলক বেশি। আকার ও জাতভেদে প্রতি কেজি চিংড়ি ৫৫০ থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। বড় আকারের কিছু চিংড়ির দাম ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত।

বিজ্ঞাপন

মুরগির বাজারে ব্রয়লার প্রতি কেজি ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে। ডজনপ্রতি ডিমের দাম রয়েছে ১০০ থেকে ১১০ টাকার মধ্যে। অন্যদিকে গরুর মাংসের দাম অপরিবর্তিত থেকে প্রতি কেজি ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

ধানমন্ডির বাসিন্দা মো. রফিকুল ইসলাম মাছের দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, ২০০ টাকার নিচে ভালো মাছ পাওয়া যাচ্ছে না। চাষের মাছের দাম কিছুটা কম হলেও সামুদ্রিক মাছ কেনা কঠিন হয়ে পড়েছে।

ডিম বিক্রেতা মাসুম জানান, আগের সপ্তাহের তুলনায় ডিমের দাম কিছুটা কমেছে। বর্তমানে সাদা ব্রয়লার ডিমের ডজন ১০০ টাকা এবং বাদামি ডিম ১২০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে এসব ডিমের দাম ছিল ১২৫ থেকে ১৩০ টাকা।

বিজ্ঞাপন

ক্রেতা নাসরিন আক্তার বলেন, প্রায় সব ধরনের মাছের দামই বেড়েছে। বাজার করতে এসে বাড়তি খরচ গুনতে হচ্ছে।

রায়েরবাজারের মাছ বিক্রেতা আব্দুল কাদের বলেন, নদী ও ঘের থেকে সরবরাহের ওপর মাছের দাম নির্ভর করে। চিংড়ির সরবরাহ কম থাকায় এর দাম বেশি। বর্ষাকালে নদীর মাছের সরবরাহ বাড়লে দাম কিছুটা কমতে পারে।

বিজ্ঞাপন

মুরগি বিক্রেতা মো. সোহেল জানান, সরবরাহ কম থাকায় ব্রয়লার মুরগির দাম বেড়েছে। গত সপ্তাহের তুলনায় কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD