বাংলাদেশ ব্যাংকের ঝুলিতে এলো দুটি আন্তর্জাতিক স্বীকৃতি

আর্থিক অন্তর্ভুক্তিতে অবদানের স্বীকৃতি হিসেবে দুটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানটি ‘এএফআই মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬’ এবং ‘এএফআই জেন্ডার ইনক্লুসিভ ফাইন্যান্স চ্যাম্পিয়ন ইনস্টিটিউশন’ সম্মাননা অর্জন করেছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ৩ সেপ্টেম্বর পাপুয়া নিউ গিনির পোর্ট মোরেসবিতে অনুষ্ঠিত অ্যালায়েন্স ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন (এএফআই) গ্লোবাল পলিসি ফোরামে (জিপিপি) বাংলাদেশ ব্যাংকের পক্ষে পুরস্কার দুটি গ্রহণ করেন ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বাংলাদেশ ব্যাংক জানায়, এএফআইয়ের মায়া ডিক্লারেশন কমিটমেন্টের আওতায় কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) প্রতিবছর আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে বিভিন্ন স্বনির্ধারিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করে।
নির্ধারিত এসব লক্ষ্যমাত্রার উল্লেখযোগ্য অংশ অর্জনের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ব্যাংককে ‘মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬’ দেওয়া হয়েছে। এর আগে ২০২৫ সালেও একই পুরস্কার পেয়েছিল বাংলাদেশ ব্যাংক।
বিজ্ঞাপন
অন্যদিকে, জেন্ডার ইনক্লুসিভ ফাইন্যান্স এবং এএফআইয়ের ডেনারাউ অ্যাকশন প্ল্যানের লক্ষ্য বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক অঙ্গীকার ও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে নারীদের আর্থিক অন্তর্ভুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতির জন্য বাংলাদেশ ব্যাংককে ‘এএফআই জেন্ডার ইনক্লুসিভ ফাইন্যান্স চ্যাম্পিয়ন ইনস্টিটিউশন’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এএফআই আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ে নীতি প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোর একটি আন্তর্জাতিক সংগঠন। বর্তমানে ৮২টি দেশের কেন্দ্রীয় ব্যাংক, অর্থ মন্ত্রণালয় এবং আর্থিক খাতের অন্যান্য নিয়ন্ত্রক সংস্থাসহ মোট ৮৯টি প্রতিষ্ঠান সংগঠনটির সদস্য।
প্রতিবছর এএফআই আয়োজিত গ্লোবাল পলিসি ফোরামে আর্থিক অন্তর্ভুক্তিতে বিশেষ অবদানের জন্য সদস্য প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।
এবারের ফোরামে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও ডেপুটি গভর্নর, নীতিনির্ধারক এবং আর্থিক অন্তর্ভুক্তির সঙ্গে সংশ্লিষ্ট অংশীজনসহ ৭০০ জনের বেশি প্রতিনিধি অংশ নেন।








