পাল্টাপাল্টি স্লোগানে উত্তপ্ত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে চাকরি পুনর্বহালের দাবিতে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাংকের স্বাভাবিক লেনদেন বজায় রাখার দাবিতে ‘সচেতন গ্রাহক ফোরাম’ পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি পালন করেছে। কয়েক ঘণ্টা ধরে উত্তেজনা চলার পর দুপুর পৌনে ১টার দিকে দুই পক্ষই স্থান ত্যাগ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিজ্ঞাপন
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টার পর ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দুই পক্ষ অবস্থান নেয়। দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত সেখানে পাল্টাপাল্টি স্লোগান ও অবস্থান করতে দেখা যায় তাদের।
চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা চাকরি পুনর্বহালের দাবিতে কর্মসূচি পালন করেন। অন্যদিকে ‘সচেতন গ্রাহক ফোরাম’ তাদের কর্মসূচির বিরোধিতা করে ‘এস আলমের লুটেরাদের ষড়যন্ত্র’ লেখা ব্যানার নিয়ে সেখানে অবস্থান নেয়।
ফোরামের সহ-সভাপতি শামিম হাসনাইন বলেন, ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কার খবর পেয়ে তারা রাতেই ব্যাংকের সামনে অবস্থান নেন।
বিজ্ঞাপন
তিনি অভিযোগ করেন, এস আলমের সময়ে অনিয়ম ও ভুয়া সনদের মাধ্যমে অনেক বিতর্কিত নিয়োগ দেওয়া হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পর গঠিত ব্যাংকের নতুন পর্ষদ যাচাই-বাছাই ও পরীক্ষার মাধ্যমে যোগ্যদের বহাল রাখার উদ্যোগ নিলেও সংশ্লিষ্টরা পরীক্ষায় অংশ নেননি। এখন ব্যাংকের কার্যক্রম ব্যাহত করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
শামিম হাসনাইনের ভাষ্য, সাধারণ গ্রাহকেরা এ ধরনের পরিস্থিতি কোনোভাবেই মেনে নেবেন না।
বিজ্ঞাপন
অন্যদিকে চাকরিচ্যুত কর্মকর্তাদের একজন আনোয়ার বলেন, চাকরি হারানোর পর তারা দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর গঠিত নতুন পরিচালনা পর্ষদ তাদের চাকরিচ্যুত করেছে বলে দাবি করেন তিনি।
জাল সনদে নিয়োগের অভিযোগের বিষয়ে আনোয়ার বলেন, বাংলাদেশ ব্যাংক তদন্ত করে বিষয়টি প্রমাণ করুক। তাদের নিয়োগ অবৈধ প্রমাণিত হলে চাকরি থেকে পাওয়া সব অর্থ ফেরত দেওয়ার কথাও জানান তিনি। তার দাবি, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে; কিন্তু সবাইকে একসঙ্গে চাকরিচ্যুত করার যৌক্তিকতা নেই।
চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবির বিপরীতে সচেতন গ্রাহক ফোরাম ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম সচল রাখা এবং অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।
বিজ্ঞাপন
দুই পক্ষের অবস্থান ও পাল্টাপাল্টি স্লোগানে দুপুর পর্যন্ত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে উত্তেজনাকর পরিস্থিতি ছিল। দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে গ্রাহক ফোরামের স্লোগানের মধ্যে চাকরিচ্যুত কর্মকর্তারা ব্যাংকের সামনে থেকে চলে যান। পরে ফোরামের সভাপতি বক্তব্য দেওয়ার পর তাদের কর্মসূচিও শেষ হয়।








