টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য ব্যয় হবে ৭৬ কোটি ৭৯ লাখ টাকা।
বিজ্ঞাপন
বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, স্থানীয়ভাবে জাতীয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে মসুর ডালগুলো কেনা হবে। ক্রয় কার্যক্রম বাস্তবায়ন করবে টিসিবি।
১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার জন্য টিসিবি স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র আহ্বান করলে তিনটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। যাচাই-বাছাই শেষে তিনটি প্রস্তাবই কারিগরিভাবে গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
দরপত্র মূল্যায়ন কমিটির (টিইসি) সুপারিশের ভিত্তিতে সর্বনিম্ন গ্রহণযোগ্য দরদাতা প্রতিষ্ঠান খুলনার জয়তুন অটো রাইস অ্যান্ড ডাল মিলস লিমিটেডের কাছ থেকে মসুর ডাল কেনার সিদ্ধান্ত হয়েছে।
প্রতি কেজি ৭৬ টাকা ৭৯ পয়সা দরে, টিসিবির গুদাম পর্যন্ত পরিবহন খরচসহ মোট ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনা হবে। এতে সরকারের মোট ব্যয় হবে ৭৬ কোটি ৭৯ লাখ টাকা। এ অর্থের জন্য অর্থ মন্ত্রণালয়ের কাউন্টার গ্যারান্টি থাকবে।
বিজ্ঞাপন
চলতি ২০২৬-২৭ অর্থবছরে টিসিবির মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ১৭ হাজার ৫২৮ মেট্রিক টন মসুর ডাল কেনা হয়েছে।
নতুন করে ১০ হাজার মেট্রিক টন কেনার মাধ্যমে টিসিবির মসুর ডালের মজুত আরও বাড়বে, যা কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য ব্যবহার করা হবে।








