Logo

বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য মাসে ভাতা পাবেন সরকারি কর্মচারীরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৩৬
বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য মাসে ভাতা পাবেন সরকারি কর্মচারীরা
ছবি : এআই দিয়ে তৈরি

জাতীয় বেতন স্কেল ২০২৬-এ প্রথমবারের মতো সরকারি কর্মচারীদের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য ‘প্রতিবন্ধী সন্তান ভাতা’ চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন ব্যবস্থায় প্রতি বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা করে ভাতা পাবেন সংশ্লিষ্ট সরকারি কর্মচারীরা।

বিজ্ঞাপন

তবে একজন সরকারি চাকরিজীবী সর্বোচ্চ দুই সন্তানের জন্য এ সুবিধা পাবেন। দুইয়ের বেশি বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলেও অতিরিক্ত সন্তানের জন্য ভাতা দেওয়া হবে না। ভাতার অর্থ বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী সন্তানের মা কিংবা বাবার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারণসংক্রান্ত পে স্কেলের গেজেটে এ ভাতার বিষয়টি উল্লেখ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

গেজেট অনুযায়ী, অনধিক দুই সন্তানের জন্য বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান ভাতা দেওয়া হবে। একই সঙ্গে এ সুবিধার ক্ষেত্রে একাধিক সরকারি ভাতা গ্রহণের সুযোগ রাখা হয়নি। অর্থাৎ একই সন্তানের জন্য একাধিক সরকারি ভাতা একসঙ্গে নেওয়া যাবে না।

বিজ্ঞাপন

নতুন বেতনকাঠামো বা নবম পে স্কেলের আওতায় প্রায় ২৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সোয়া ৯ লাখ পেনশনভোগী সুবিধা পাবেন। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে কতজন সরকারি চাকরিজীবীর সন্তান প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন—সে ধরনের নির্দিষ্ট তথ্য নেই। তবে ভবিষ্যতে এ তথ্য অর্থ বিভাগের সমন্বিত বাজেট ও হিসাব ব্যবস্থাপনা সফটওয়্যার (আইবাস)-এ অন্তর্ভুক্ত করা হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের বিষয়টি কীভাবে যাচাই করা হবে, জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট সরকারি কর্মচারী যে মন্ত্রণালয়ে কর্মরত, সেখান থেকেই যাচাই-বাছাই করা হবে। সরকারি চাকরিজীবীর মা বা বাবা যত দিন চাকরিতে থাকবেন, তত দিন এ ভাতা পাওয়ার সুযোগ থাকবে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, নতুন এ সুবিধার ফলে বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকা পরিবারগুলো চিকিৎসা, শিক্ষা, থেরাপি ও পরিচর্যার ব্যয়ের একটি অংশ মেটাতে পারবেন। এতে এসব পরিবারের আর্থিক চাপ কিছুটা কমাতে ভাতাটি সহায়ক হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD