তেলের দাম বৃদ্ধির প্রভাব, কেজিতে ২০ টাকা বেড়েছে সবজির দাম

জ্বালানি তেলের দাম বাড়ার পর রাজধানীর বাজারে নতুন করে বাড়তে শুরু করেছে বিভিন্ন সবজির দাম। গত এক সপ্তাহে পটোল, ঢ্যাঁড়শ, বেগুন, ঝিঙা, ধুন্দল ও করলাসহ কয়েক ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।
বিজ্ঞাপন
একই সময়ে কাঁচামরিচ ও টমেটোর দামও বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে ফার্মের ডিম, ব্রয়লার মুরগি ও চালের দাম মোটামুটি আগের সপ্তাহের পর্যায়েই রয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
খুচরা ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি তেলের দাম বাড়ায় পণ্য পরিবহনের খরচ বেড়েছে। এর প্রভাব পড়েছে পাইকারি বাজারে, যার কারণে বাড়তি পরিবহন ব্যয় খুচরা বাজারের দামেও যুক্ত হচ্ছে।
বিজ্ঞাপন
গত ২০ সেপ্টেম্বর ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়। নতুন দাম কার্যকর হয় ২১ সেপ্টেম্বর। এর আগে চলতি বছরের ১৯ এপ্রিল ও ১ জুনও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বাজার ঘুরে দেখা যায়, লম্বা বেগুন এখন বাজারভেদে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে এ ধরনের বেগুনের দাম ছিল ৯০ থেকে ১০০ টাকা।
কিছুদিন আগে ৬০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হওয়া করলার দাম বেড়ে এখন মানভেদে ৮০ থেকে ১০০ টাকা হয়েছে। ছোট আকারের পটোল ও ঢ্যাঁড়শের দামও বেড়ে ৬০ থেকে ৮০ টাকা কেজি হয়েছে। এক সপ্তাহ আগে এগুলোর দাম ছিল ৫০ থেকে ৬০ টাকা।
বিজ্ঞাপন
এ ছাড়া ঝিঙা, ধুন্দলসহ বিভিন্ন সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে কাঁচা পেঁপে আগের মতো ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
মিরপুর-১ নম্বর কাঁচাবাজারের সবজি বিক্রেতা রিয়াজুল ইসলাম বলেন, “পরিবহন খরচ বেড়েছে। আর তাই পাইকারি বাজারে সবজির দাম বেড়েছে।”
মিজান নামে আরেক ব্যবসায়ী জানান, যশোর থেকে কারওয়ান বাজারে বেগুন আসে। জ্বালানি তেলের দাম বাড়ার আগে মাঝারি আকারের একটি ট্রাকের ভাড়া ছিল প্রায় ১৮ হাজার টাকা। এখন তা বেড়ে ২১ হাজার টাকা হয়েছে। এর প্রভাব পড়েছে সবজির দামে।
বিজ্ঞাপন
তবে ক্রেতাদের অভিযোগ, পরিবহন ব্যয় যতটা বেড়েছে, খুচরা বাজারে তার তুলনায় বেশি হারে কিছু পণ্যের দাম বাড়ানো হচ্ছে।
মিরপুর-১১ নম্বর কাঁচাবাজারের ক্রেতা মিনহাজ বলেন, “জ্বালানি তেলের দাম বেড়েছে, সেটার প্রভাব পণ্যের ১-২ টাকা বাড়তে পারে। একবারেই যে ১০-২০ টাকা পড়বে, এমনটা হওয়ার কথা নয়। একেবারেই নজরদারি নেই বাজারে। এই সুযোগে যে যার মতো দাম বাড়াচ্ছে।”
সব পণ্যের দাম অবশ্য বাড়েনি। ফার্মের ডিম গত সপ্তাহের মতোই প্রতি ডজন ১৫০ থেকে ১৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম বাজারভেদে ১৮৫ থেকে ১৯৫ টাকা কেজি। চালের বাজারেও এখন পর্যন্ত জ্বালানি তেলের দাম বৃদ্ধির বড় কোনো প্রভাব দেখা যায়নি।
বিজ্ঞাপন
এদিকে পাস্তুরিত তরল দুধের দামও সম্প্রতি বেড়েছে। কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান প্রতি লিটার দুধের দাম সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত বাড়িয়েছে। এর আগে সরকারি প্রতিষ্ঠান মিল্কভিটাও প্রতি লিটার দুধের দাম ১০ টাকা বাড়িয়েছিল।
অন্যদিকে আটা ও ময়দার দামও আগের তুলনায় বেশি। দুই সপ্তাহ আগে কয়েকটি সরবরাহকারী করপোরেট প্রতিষ্ঠান আটা-ময়দার দাম বাড়িয়েছে বলে জানা গেছে।
ব্যবসায়ীদের ভাষ্য, জ্বালানি তেলের বাড়তি খরচ সরবরাহব্যবস্থার বিভিন্ন ধাপে যুক্ত হওয়ায় নিত্যপণ্যের বাজারে এর প্রভাব পড়ছে। তবে ক্রেতারা বলছেন, বাজারে দাম সমন্বয়ের ক্ষেত্রে নজরদারি বাড়ানো প্রয়োজন।








