রাশিয়া-কানাডা-সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার

দেশের কৃষি উৎপাদন সচল রাখতে রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে মোট ৯৬৯ কোটি ৪৭ লাখ ১৪ হাজার ৮৫০ টাকার সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে রাশিয়া ও কানাডা থেকে তিনটি লটে ১ লাখ ১৫ হাজার মেট্রিক টন এমওপি সার এবং সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানি করা হবে। সরকারি পর্যায়ে (জিটুজি) চুক্তির আওতায় এসব সার কেনা হবে।
বিজ্ঞাপন
বুধবার (১৪ অক্টোবর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সার আমদানির প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী থাইল্যান্ড থেকে অনলাইনে বৈঠকে অংশ নেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, রাশিয়ার প্রতিষ্ঠান জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন (প্রোডিনটর্গ) থেকে ৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানি করা হবে। এ জন্য সরকারের ব্যয় হবে ১৬৬ কোটি ৯ লাখ ৯০ হাজার ৪৫০ টাকা। প্রতি মেট্রিক টন সারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৮৩ দশমিক ৮০ মার্কিন ডলার।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও রাশিয়ার প্রতিষ্ঠানটির মধ্যে স্বাক্ষরিত রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় অষ্টম লটে এ সার আমদানি করা হবে।
বিজ্ঞাপন
অন্যদিকে, কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন (সিসিসি) থেকে দুই ধাপে মোট ৮০ হাজার মেট্রিক টন এমওপি সার কেনা হবে। পঞ্চম ও ষষ্ঠ লটে প্রতিবার ৪০ হাজার মেট্রিক টন করে সার আমদানি করা হবে। দুই লটের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৩৭৭ কোটি ৭৯ লাখ ১৪ হাজার ৪০০ টাকা। এর মধ্যে প্রতিটি লটে ব্যয় হবে ১৮৮ কোটি ৮৯ লাখ ৫৭ হাজার ২০০ টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩৮২ দশমিক ৩৮ মার্কিন ডলার।
বিএডিসি ও কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশনের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, সরকারি পর্যায়ে (জিটুজি) পদ্ধতিতে এসব সার আমদানি করা হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ছাড়া সৌদি আরবের প্রতিষ্ঠান মা'আদেন থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৬ সালের পঞ্চম লটে এই সার আমদানিতে ব্যয় হবে ৪২৫ কোটি ৫৮ লাখ ১০ হাজার টাকা। প্রতি মেট্রিক টন ডিএপি সারের দাম নির্ধারণ করা হয়েছে ৮৬১ দশমিক ৫০ মার্কিন ডলার।
বিজ্ঞাপন
বিএডিসি ও সৌদি আরবের প্রতিষ্ঠান মা'আদেনের মধ্যে স্বাক্ষরিত রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় এ সার আমদানি করা হবে। সরকারের অনুমোদিত এসব ক্রয়প্রস্তাব বাস্তবায়িত হলে তিন দেশ থেকে মোট ১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন সার দেশে আসবে।








