সয়াবিন তেলে বিষাক্ত ধাতু থাকার খবর অপপ্রচার: বাণিজ্যমন্ত্রী

দেশের বাজারে বিক্রি হওয়া সয়াবিন তেলে মাত্রাতিরিক্ত সিসাসহ (লেড) বিষাক্ত ভারী ধাতু থাকার খবরকে অপপ্রচার বলে দাবি করেছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তাঁর ভাষ্য, ১৯৩টি নমুনা পরীক্ষা করে সয়াবিন তেলে ক্ষতিকর ধাতুর উপস্থিতি পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর অফিসার্স ক্লাব ঢাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘এ ধরনের খবর প্রকাশের পর ১৯৩টি সয়াবিন তেলের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় দেশের বাজারে থাকা সয়াবিন তেলে কোনো ক্ষতিকর ধাতু বা লেড পাওয়া যায়নি।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে বাজারে যে সমস্ত সয়াবিন তেল আছে, সেটি সম্পূর্ণ বিশুদ্ধ। এটির মধ্যে কোনো ভেজাল ধাতু নেই, কোনো লেড নেই। এটি একটি সম্পূর্ণ অপপ্রচার।’

সয়াবিন তেল নিয়ে উদ্বেগের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘অনেক ধরনের নেতিবাচক খবরের মধ্যে অন্তত একটি ভালো খবর দিচ্ছি-এখন রান্নায় সয়াবিন তেল ব্যবহারের সময় মানুষ জানবেন, এতে অন্তত ক্ষতিকর কিছু নেই।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিসি-বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।








