দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

একদিনের ব্যবধানেই দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর কার্যকর হওয়ায় ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা।
বিজ্ঞাপন
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দামের তথ্য জানানো হয়। একই দিন সকাল ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। আগের দিন এই মানের সোনার দাম ছিল ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে প্রতি ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯০ হাজার ৭ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা। অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকায়।
সোনার দাম বাড়লেও দেশের বাজারে রুপার মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। ২১ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৯১৬ টাকায়। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা।
বাজুসের নির্দেশনা অনুযায়ী, গয়নার নকশা ও ধরন বিবেচনায় নির্ধারিত মজুরি দিতে হবে। সোনার ঘোষিত দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
এ ছাড়া পুরোনো গয়না বদলের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ৯ শতাংশ এবং পুরোনো সোনা বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ কর্তন প্রযোজ্য হবে। তবে এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট কাটা যাবে না।
বাজুসের পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন নির্ধারিত দাম ও সংশ্লিষ্ট নিয়ম কার্যকর থাকবে।








