Logo

বাজারে এবার বেড়েছে চাল-তেলের দাম, চড়া সবজিও

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর, ২০২৬, ১২:৫৯
বাজারে এবার বেড়েছে চাল-তেলের দাম, চড়া সবজিও
ছবি: সংগৃহীত

নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমুখী দামে রাজধানীর বাজারে বাড়তি চাপের মুখে পড়েছেন ক্রেতারা। কয়েক দিনের বৃষ্টিতে ফসলের ক্ষতি হওয়ায় বাজারে সবজির সরবরাহ কমেছে। এর প্রভাবে বেড়েছে অধিকাংশ সবজির দাম। পাশাপাশি নাজিরশাইল ও মিনিকেট চালের দাম কেজিতে ১ থেকে ৪ টাকা পর্যন্ত বেড়েছে। মাছ ও চালের পাশাপাশি তেলের বাজারেও অস্বস্তি রয়েছে। তবে স্বস্তির খবর, গত ১৫ দিনে মুরগি ও ডিমের দাম কিছুটা কমেছে।

বিজ্ঞাপন

লিটারপ্রতি সয়াবিন তেলের দাম তিন টাকা বাড়ানো হলেও রাজধানীর বাজারে সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়নি। অধিকাংশ দোকানে তেল পাওয়া যাচ্ছে না। আবার কিছু দোকানে আগের দামেই বিক্রি হতে দেখা গেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে নিত্যপণ্যের এমন চিত্র দেখা গেছে।

বাজারে প্রতি কেজি করলা ১০০ থেকে ১২০ টাকা, টমেটো ১৪০ থেকে ১৬০ টাকা, হাইব্রিড শসা ১০০ টাকা এবং দেশি শসা ১২০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি শিমের দাম ১০০ থেকে ১২০ টাকা, পটল ৮০ টাকা, মিষ্টিকুমড়া ৬০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা এবং গোল বেগুন ১২০ টাকা।

এ ছাড়া প্রতি কেজি মুলা ৬০ টাকা, লাউ প্রতিটি ৯০ টাকা, মাঝারি ফুলকপি ৫০ টাকা এবং বাঁধাকপি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁপে প্রতি কেজি ৪০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ থেকে ৫০ টাকা, কচু ১০০ টাকা, ধুন্দুল ও চিচিঙ্গা ১০০ টাকা এবং শালগম ৮০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে কাঁচা মরিচের দাম কেজিতে ১০০ টাকা।

বাড্ডার একটি বাজারে কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী রহিদুল ইসলাম বলেন, কিছুদিন আগেও সবজির দাম কমে এসেছিল। কিন্তু এখন আবার বেড়েছে। তাঁর ভাষ্য, ‘আজকের বাজারে বলতে গেলে ৮০ টাকার নিচে কোনো সবজি নেই, শুধুমাত্র পেঁপের কেজি ৪০ টাকা, বাকি সব ধরনের সবজি আজকে থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। কিছু কিছু সবজি ১০০ টাকারও বেশি। দাম বেশি হওয়ার কারণে এক কেজির সবজি আধা কেজি করে কিনলাম।’

রামপুরা বাজারের ক্রেতা সাজ্জাদ হোসেন বলেন, শীতের মৌসুম শুরু হলেও সবজির দাম প্রত্যাশিতভাবে কমেনি। তিনি বলেন, ‘শীতের সময় সবজির সর্বোচ্চ কম দাম থাকার কথা, অথচ এখনো সবজির দাম ৮০ থেকে ১২০ টাকার ঘরে।’

সবজির দাম বাড়ার কারণ ব্যাখ্যা করে মালিবাগ বাজারের বিক্রেতা খোরশেদ আলম বলেন, কয়েক দিন আগে আকস্মিক বৃষ্টিতে ক্ষেতের সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। তবে এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।

মাছের বাজারেও বাড়তি দাম

রাজধানীর মাছের বাজারেও ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। প্রতি কেজি তেলাপিয়া ২৩০ টাকা, চাষের কই ২৮০ টাকা, বায়লা ৩২০ টাকা, ছোট পাঙ্গাস ২০০ টাকা এবং বড় পাঙ্গাস ২৭০ টাকায় বিক্রি হচ্ছে।

কাতলা মাছের দাম আকারভেদে ৩০০ থেকে ৫০০ টাকা বা তার বেশি। ছোট চিংড়ি প্রতি কেজি ৬০০ থেকে ৭০০ টাকা, গলদা চিংড়ি ৮০০ টাকা, শোল ৬০০ টাকা, টেংরা ৫৪০ টাকা, পাবদা ৩৮০ টাকা, চাষের শিং ৩০০ টাকা, পোয়া ৩৫০ টাকা এবং মিরকা মাছ ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।

দেশি ও সামুদ্রিক মাছের মধ্যে আইড়ের দাম প্রতি কেজি ৭০০ থেকে ১ হাজার ২৫০ টাকা। বাইন মাছ ৮০০ থেকে ১ হাজার ১০০ টাকা এবং দেশি শিং মাছ ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে সামুদ্রিক পাঙ্গাসের কেজি ১ হাজার ২০০ টাকা।

মাছ বিক্রেতা জাহাঙ্গীর আলম বলেন, শুক্রবার সাধারণত অন্যান্য দিনের তুলনায় মাছের দাম কিছুটা বেশি থাকে। পার্থক্য থাকে ১০ থেকে ২০ টাকা। গত সপ্তাহের তুলনায় মাছের দামে বড় কোনো পরিবর্তন হয়নি বলেও জানান তিনি। তাঁর মতে, মাছের দাম বাড়লে ব্যবসায়ীদেরও বেশি পুঁজি বিনিয়োগ করতে হয়।

মুরগি-ডিমে কিছুটা স্বস্তি, অপরিবর্তিত গরুর মাংস

সবজির পাশাপাশি মাছের বাজারে বাড়তি দাম থাকলেও মাংস ও ডিমের বাজারে পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে।

রায়ের বাজারের রবিন মাংস বিতানে গরুর মাংসের দাম কেজিতে ৮০০ টাকা। অন্যদিকে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।

সব মিলিয়ে রাজধানীর বাজারে চাল, তেল, সবজি ও মাছের বাড়তি দামে ক্রেতাদের ব্যয় বেড়েছে। বিশেষ করে সবজির উচ্চমূল্যের কারণে অনেকেই প্রয়োজনের তুলনায় কম পরিমাণে পণ্য কিনছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD