তিন দফায় বাড়ল সোনার দাম, ভরি ছাড়াল ২ লাখ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। টানা তৃতীয় দফায় মূল্যবৃদ্ধির ফলে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২ লাখ টাকা ছাড়িয়ে গেছে। এবার ভরিতে ২ হাজার ৬২৪ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বিজ্ঞাপন
শনিবার (২৮ নভেম্বর) সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়। সকাল ১০টা থেকেই নতুন মূল্য কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৯টায় মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ২৬ ও ২৭ নভেম্বর দুই দফায় ভরিতে ১ হাজার ৫০ টাকা করে বাড়ানো হয়েছিল।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা। আগের দিন এই মানের সোনার দাম ছিল ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা।
বাজুসের ঘোষণা অনুযায়ী অন্যান্য মানের সোনার নতুন দাম হলো— ২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৫১৪ টাকা, ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা এবং সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকা।
সোনার দাম বাড়লেও দেশের বাজারে রুপার মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। ২১ ক্যারেটের দাম ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি ভরি ১ হাজার ৯২৫ টাকা বহাল রয়েছে।
গয়না কেনাবেচার ক্ষেত্রেও কয়েকটি নিয়মের কথা জানিয়েছে বাজুস। অলংকারের নকশা অনুযায়ী নির্ধারিত মজুরি দিতে হবে। ঘোষিত সোনার দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে অতিরিক্ত ভ্যাট আদায় করা যাবে না।
এ ছাড়া মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে পুরোনো গয়না বদলানোর ক্ষেত্রে ৯ শতাংশ এবং বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দেওয়ার নিয়ম বহাল থাকবে। এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট কর্তন করা যাবে না।
বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে ঘোষিত নতুন দাম ও নিয়ম কার্যকর থাকবে।








