Logo

বাজারভিত্তিক ব্যবসা গড়তে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর, ২০২৬, ১৫:৩৪
বাজারভিত্তিক ব্যবসা গড়তে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশে স্বচ্ছ ও বাজারভিত্তিক ব্যবসায়িক ব্যবস্থা প্রতিষ্ঠায় সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ব্যবসায়িক কার্যক্রমে প্রতিটি লেনদেনের তথ্য তাৎক্ষণিকভাবে আদান-প্রদান নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় ঋণপত্র বা এলসিসংক্রান্ত লেনদেনের তথ্য বিনিময়ের অনলাইন প্ল্যাটফর্ম বিএআরটিএর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, ব্যাংকিং খাতের পাশাপাশি দেশের বীমা খাতেও বিভিন্ন ধরনের অনিয়ম সংঘটিত হয়েছে। কোথাও প্রিমিয়াম পরিশোধ না করেই অর্থ নেওয়ার ঘটনা ঘটেছে। এসব অনিয়মের কারণে সংশ্লিষ্ট সবাই ক্ষতির মুখে পড়েছেন। একইভাবে পণ্য রপ্তানির বিপরীতে ব্যাক টু ব্যাক ঋণপত্র খোলার ক্ষেত্রেও নানা অনিয়ম ও কলঙ্কজনক ঘটনা রয়েছে।

ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকার সবকিছু প্রস্তুত করে দেবে আর ব্যবসায়ীরা শুধু কাজ করবেন—এমন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে হবে।

এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ভূমিকার প্রশংসা করে অর্থমন্ত্রী বলেন, তিনি কম কথা বলে বেশি কাজ করেছেন।

অনুষ্ঠানে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর প্রতিনিধিরা ঋণপত্র খোলা ও গ্রহণসংক্রান্ত ব্যয়ের বিষয়টি তুলে ধরেন। তাঁদের মতে, এলসি খোলা এবং গ্রহণযোগ্যতা নিশ্চিত করার জন্য যে চার্জ দিতে হয়, তা ব্যবসার অন্যতম বড় ব্যয়।

বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে ব্যাংকের সঙ্গে এসব চার্জ নিয়ে দর-কষাকষির সুযোগ সীমিত। ফলে তাদের ব্যবসায়িক ব্যয় কমানো কঠিন হয়ে পড়ে।

এ পরিস্থিতিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা সহজ করতে এলসি খোলা ও গ্রহণসংক্রান্ত ব্যাংক চার্জ সহনীয় পর্যায়ে রাখার বিষয়টি বাংলাদেশ ব্যাংকের বিবেচনা করা প্রয়োজন বলে অনুষ্ঠানে মত প্রকাশ করে বিজিএমইএ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD