রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ: সাফল্য থেকে টেকসই উন্নয়নের পথে

বাংলাদেশের অর্থনীতি, খাদ্যাভ্যাস ও সংস্কৃতিতে মাছ, মৎস্য গবেষক, মৎস্য চাষি ও মৎস্যজীবীদের ভূমিকা অত্যন্ত গভীর ও অবিচ্ছেদ্য। এটি কেবল এখন আমিষ বা খাদ্যের উৎস নয়, বরং এটি বাঙালির জীবিকা, পুষ্টি, গ্রামীণ অর্থনীতি, বৈদেশিক মুদ্রা অর্জন এবং হাজার বছরের লোকসংস্কৃতির মূল চালিকাশক্তি। এই বাস্তবতাকে সামনে রেখে আগামী ‘১৬ থেকে ৩০ আগস্ট’ সারাদেশে পালিত হচ্ছে “জাতীয় মৎস্য পক্ষ ২০২৬”।
বিজ্ঞাপন
এবারের প্রতিপাদ্য-‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’। প্রতিপাদ্যটি অত্যন্ত সময়োপযোগী এবং তাৎপর্যপূর্ণ। কেননা, মৎস্য খাতে বাংলাদেশের অর্জন আজ শুধু জাতীয় পর্যায় নয়,আন্তর্জাতিক অঙ্গনেও দৃশ্যমান প্রভাব রাখছে।
মৎস্য খাতের সাম্প্রতিক পরিসংখ্যান এ খাতের শক্তিশালী অবস্থানেরই প্রমাণ। “জাতীয় মৎস্য পক্ষ ২০২৬” উপলক্ষে মৎস্য অধিদপ্তর কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে মোট মাছের উৎপাদন এখন ৫১.১১ লাখ মেট্রিক টন। দেশের মানুষের দৈনিক মাথাপিছু মাছ গ্রহণের পরিমাণ ৬৭.৮০ গ্রাম,যা খাদ্য ও পুষ্টিনিরাপত্তায় মাছের গুরুত্ব বহন করে। শুধু তাই নয়, দেশের ১৪ লাখ নারীসহ দুই কোটির বেশি মানুষ, অর্থাৎ মোট জনগোষ্ঠীর প্রায় ১২ শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মৎস্য খাতের ওপর নির্ভরশীল হয়ে জীবিকা নির্বাহ করছে ।
অর্থাৎ এই মাছ উৎপাদনের সঙ্গে জড়িয়ে আছে গবেষক, কৃষক, জেলে, চাষি, পোনা উৎপাদক, খাদ্য ও ওষুধ সরবরাহকারী, পরিবহনকারী, ব্যবসায়ী ও প্রক্রিয়াজাতকারীসহ একটি বিশাল জনগোষ্ঠী ও অর্থনৈতিক বলয়। জাতীয় অর্থনীতিতেও মৎস্য খাতের অবদান উল্লেখযোগ্য। মৎস্য অধিদপ্তরের পরিসংখানে দেওয়া তথ্যানুসারে, দেশের জিডিপিতে মৎস্য খাতের অবদান ২.৫৮ শতাংশ, কৃষিজ জিডিপিতে ২২.০৩ শতাংশ এবং মৎস্য খাতে জিডিপি প্রবৃদ্ধি ১.৪১ শতাংশ। এই পরিসংখ্যান বলছে, মৎস্য খাত এখন আর কৃষির একটি ছোট উপখাত নয়; বরং জাতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে গতিশীলতা সৃষ্টি এবং কর্মসংস্থান তৈরিতে এ খাতের ভূমিকা ক্রমেই বাড়ছে। আন্তর্জাতিক ক্ষেত্রেও বাংলাদেশের অবস্থান গৌরবময়।
বিজ্ঞাপন
ইলিশ আহরণে বাংলাদেশ বিশ্বে ১ম, অভ্যন্তরীণ জলাশয়ে মাছ উৎপাদনে ২য়, অভ্যন্তরীণ মুক্ত জলাশয় থেকে মাছ আহরণে ৩য়, বদ্ধ জলাশয়ে চাষকৃত মাছ উৎপাদনে ৫ম এবং সামুদ্রিক ও উপকূলীয় জলাশয়ে ক্রাস্টাশিয়া আহরণে ৮ম অবস্থানে রয়েছে। এসব অর্জন প্রমাণ করে, নদী-নালা, খাল-বিল, হাওর-বাঁওড়, পুকুর এবং বিস্তৃত সামুদ্রিক জলসীমাকে কাজে লাগিয়ে বাংলাদেশ বিশ্ব মৎস্য খাতে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে।
তবে এই সাফল্য ধরে রাখতে হলে উৎপাদনের পাশাপাশি সংরক্ষণ ও ব্যবস্থাপনায় আরও গুরুত্ব দিতে হবে। দেশের অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে বর্তমানে ৮২৭টি অভয়াশ্রম স্থাপন করার প্রক্রিয়া চলমান রয়েছে। ২০২৫-’২৬ অর্থবছরে এসব অভয়াশ্রমের মধ্যে ৪৫৫টি অভয়াশ্রম ব্যবস্থাপনা ও মেরামতে ১৮১.৬০ লাখ টাকা ব্যয় করা হয়েছে। দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের মাধ্যমে জেলেদের বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ, প্রদর্শনী খামার ও নতুন অভয়াশ্রম স্থাপনের মতো উদ্যোগও নেওয়া হয়েছে। এসব কার্যক্রম শুধু মাছের উৎপাদন বাড়ায় না, জলজ জীববৈচিত্র্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ এবং মৎস্য খাতে সাফল্যের অন্যতম প্রতীক। ২০২৪-’২৫ অর্থবছরে দেশে ইলিশ আহরণের পরিমাণ ছিল ৫ লাখ মেট্রিক টন, যা মোট উৎপাদিত মাছের প্রায় ১০ শতাংশ। ইলিশ সম্পদ সংরক্ষণে ৪৩২ কি.মি. দৈর্ঘ্যরে ৬টি অভয়াশ্রম ব্যবস্থাপনা করা হয়েছে। মা ইলিশ ও জাটকা সংরক্ষণে ২০২৫-’২৬ অর্থবছরে ৪০ হাজার জেলে পরিবারকে খাদ্য সহায়তা এবং ৯ লাখ ৮৭ হাজার ১৪১ জেলে পরিবারকে ভিজিএফ সহায়তা দেওয়া হয়েছে। মা ইলিশ ও জাটকা সংরক্ষণকালীন জেলেদের সহায়তা অব্যাহত রাখা অত্যন্ত জরুরি। কারণ প্রকৃত জেলেদের জীবন-জীবিকা সুরক্ষিত না করে দীর্ঘমেয়াদি সংরক্ষণ সফল করা কঠিন। এক্ষেত্রে সরকারকে যথাযথ মনিটরিং ও জবাবদিহিতার কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বিজ্ঞাপন
মৎস্য খাতের আরেকটি বড় সম্ভাবনার জায়গা হলো সুনীল অর্থনীতি। প্রতিবছর ৫৮ দিন সকল ধরনের সামুদ্রিক মৎস্য আহরণে নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে। একই সঙ্গে সামুদ্রিক জরিপ পরিচালনার মাধ্যমে নতুন প্রজাতি শনাক্ত এবং সামুদ্রিক সম্পদের বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হয়েছে। R.V. DFN জরিপে বাংলাদেশের জন্য নতুন ৬৫টি সামুদ্রিক প্রজাতি শনাক্ত এবং সম্ভাব্য নতুন ৫টি প্রজাতির সন্ধান পাওয়া গেছে। কুয়াকাটা ও সলিমপুর এমপিএ ঘোষণার মাধ্যমে বঙ্গোপসাগরের ১০.৫৪ শতাংশ জায়গা সংরক্ষিত এলাকার আওতায় এসেছে।
পাশাপাশি Marine Spatial Plan (MSP) প্রণয়ন করে মন্ত্রিপরিষদ বিভাগে দাখিল করা হয়েছে। পাশাপাশি সরকারি উদ্যোগে সামুদ্রিক ভেটকি মাছের সফল প্রজনন ও বাণিজ্যিকভাবে পোনা উৎপাদন সম্ভব হয়েছে। এসব উদ্যোগ সামুদ্রিক মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। রপ্তানি আয়ের ক্ষেত্রেও মৎস্য খাতের ধারাবাহিকতা রয়েছে। ২০২৪-’২৫ অর্থবছরে ৬,১৪৪.৯১ কোটি টাকা মূল্যের ৯০,৬১৯.৪২ মেট্রিক টন মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি হয়েছে। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের মৎস্যপণ্যের গ্রহণযোগ্যতা বাড়ছে। তবে বৈশ্বিক বাজারে আরও প্রতিযোগিতামূলক হতে হলে শুধু কাঁচা বা প্রচলিত পণ্য রপ্তানির ওপর নির্ভর না করে মূল্যসংযোজিত পণ্য উৎপাদন বাড়াতে হবে।
চিংড়ি উৎপাদনে ক্লাস্টার পদ্ধতি, মান নিয়ন্ত্রণে HACCP পদ্ধতি এবং বিশ্বমানের মাননিয়ন্ত্রণ ল্যাবরেটরি প্রতিষ্ঠার উদ্যোগ ও ইট্রেসেবিলিটি সিস্টেম বাস্তবায়নের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে আস্থা অর্জন এ ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। বিশেষ করে চিংড়ি খাতে রয়েছে বিপুল সম্ভাবনা। ২০২৪-’২৫ অর্থবছরে দেশে চিংড়ি উৎপাদন হয়েছে প্রায় ২.৯৯ লাখ মে. টন। একই সময়ে এসপিএফ বাগদা চিংড়ির পিএল উৎপাদনও উল্লেখযোগ্য পর্যায়ে পৌঁছেছে। উপকূলীয় অঞ্চলে স্যাটেলাইট ম্যাপিং, হাইড্রোলজিক্যাল সার্ভে এবং চিংড়ি খামারসংলগ্ন ৩৪টি খাল পুনঃখননের উদ্যোগ উৎপাদন ব্যবস্থাকে আরও আধুনিক ও টেকসই করতে পারে।
বিজ্ঞাপন
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় পরিবেশ-সহনশীল চিংড়ি চাষ তাই উপকূলীয় অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে পারে। এখানে একটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ প্রযুক্তির সঙ্গে মৎস্য খাতের সমন্বয়। সরকারি ৩১টি মৎস্য খামারে যান্ত্রিকীকরণ, IoT -ভিত্তিক ওয়াটার কোয়ালিটি মনিটরিং, জিন ব্যাংক ও ২০টি খামারে ক্রায়োপ্রিজারভেশন প্রযুক্তি, অ্যাকুয়াপনিক্সের মাধ্যমে পোনা উৎপাদন এবং সৌরবিদ্যুতের ব্যবহার শুরু হয়েছে। এছাড়া সরকারি মৎস্য খামারে সৌরবিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে ০.৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।
এই প্রযুক্তিগুলো প্রমাণ করে, বাংলাদেশের মৎস্য খাত এখন ধীরে ধীরে প্রচলিত চাষব্যবস্থা থেকে স্মার্ট ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার দিকে এগিয়ে যাচ্ছে। তবে সাফল্যের পাশাপাশি চ্যালেঞ্জও রয়েছে। উন্নতমানের পোনা, মানসম্মত মাছের খাদ্য, উৎপাদন ব্যয়, রোগবালাই, বাজার ব্যবস্থাপনা এবং চাষিদের ঝুঁকি ব্যবস্থাপনা এখনো গুরুত্বপূর্ণ বিষয়। জলবায়ু পরিবর্তনের ফলে লবণাক্ততা, অতিবৃষ্টি, আকস্মিক বন্যা, খরা, ঘূর্ণিঝড় ও জলাশয়ের পরিবেশগত পরিবর্তন মাছের উৎপাদনকে প্রভাবিত করতে পারে।
তাই মৎস্যচাষিদের জন্য সহজ শর্তে ঋণ, বিমা, মানসম্মত উপকরণ এবং সরাসরি বাজার দর ও বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। উৎপাদন বাড়ানোর পাশাপাশি চাষির ন্যায্য মুনাফা নিশ্চিত করাও মৎস্যনীতির অন্যতম লক্ষ্য হওয়া উচিত। একই সঙ্গে মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। অভয়াশ্রম, প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা, সামুদ্রিক আহরণ বন্ধ এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের সরকারি ও বেসরকারি উদ্যোগগুলো আরও কার্যকর করতে হবে। নিষেধাজ্ঞা বাস্তবায়নের পাশাপাশি প্রকৃত জেলে ও চাষিদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বিজ্ঞাপন
তাহলেই সংরক্ষণ কার্যক্রম জনসম্পৃক্ত ও দীর্ঘস্থায়ী হবে। সর্বোপুরি বলা যায়, বাংলাদেশের মৎস্য খাত এখন নতুন এক সম্ভাবনার সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে উৎপাদনের রেকর্ড, আন্তর্জাতিক অবস্থান, কর্মসংস্থান ও রপ্তানি; অন্যদিকে জলবায়ু পরিবর্তন, বাজারব্যবস্থা, পরিবেশগত স্থায়িত্ব এবং চাষিদের ঝুঁকিÑদুই বাস্তবতাকেই সমান গুরুত্ব দিতে হবে। আগামী দিনের লক্ষ্য শুধু ‘মাছ উৎপাদনের পরিমান বাড়ানো’ নয়; লক্ষ্য হতে হবে ‘নিরাপদ, মানসম্মত, পরিবেশবান্ধব ও লাভজনক মাছ উৎপাদন’। “জাতীয় মৎস্য পক্ষ ২০২৬” কেবল উৎসবের আয়োজন নয়; এটি মৎস্যসম্পদের সম্ভাবনাকে নতুনভাবে কাজে লাগানোর অঙ্গীকারের সময়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গবেষক, উদ্যোক্তা, মৎস্যচাষি,মৎস্যজীবী, ব্যবসায়ী ও ভোক্তাÑসবার সমন্বিত উদ্যোগেই এই খাতকে আরও শক্তিশালী করা সম্ভব।
মৎস্য সম্পদ আমাদের খাদ্যনিরাপত্তার উৎস, গ্রামীণ অর্থনীতির চালিকাশক্তি এবং বৈদেশিক মুদ্রা অর্জনের অপার সম্ভাবনাময় ক্ষেত্র। মৎস্য খাতে দেশের বর্তমান অর্জন ও সরকারের সুদূরপ্রসারি পরিকল্পনাকে টেকসই ভবিষ্যতের ভিত্তি হিসাবে রূপান্তর করতে পারলেই ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য প্রকৃত অর্থে সার্থক হবে।
কৃষিবিদ মো. সামছুল আলম
বিজ্ঞাপন
গণযোগাযোগ কর্মকর্তা
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
বিজ্ঞাপন
মোবাইল: ০১৭৪৬ ৭৪৯০২০
E-mail: alam4162@gmail.com








