গ্রামীণ পর্যটনে খুলছে নতুন সম্ভাবনার দুয়ার

বাংলাদেশের প্রকৃত সৌন্দর্য লুকিয়ে আছে তার গ্রামে। নদীর বাঁক, ধানখেতের সবুজ, মাটির ঘর, লোকজ মেলা আর মানুষের আন্তরিক আতিথেয়তা—সব মিলিয়ে গ্রামীণ বাংলাদেশ যেন একটি জীবন্ত সংস্কৃতির প্রতিচ্ছবি। অথচ পর্যটনের আলোচনায় এতদিন কক্সবাজার বা সিলেটের মতো নির্দিষ্ট কিছু গন্তব্যই বেশি প্রাধান্য পেয়েছে। দেশের বিস্তীর্ণ গ্রামীণ জনপদ রয়ে গেছে অনেকটাই আড়ালে।
বিজ্ঞাপন
সম্প্রতি সরকার গ্রামীণ পর্যটনের এই সম্ভাবনার দিকে দৃষ্টি দিয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গত অক্টোবরে ‘কমিউনিটি ভিত্তিক পর্যটন গাইডলাইন ২০২৫’ জারি করেছে। এতে বলা হয়েছে, পর্যটন আকর্ষণীয় স্থান বা এর আশপাশের স্থানীয় জনগোষ্ঠীকে পর্যটন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা না হলে স্থানীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রাকৃতিক সম্পদ হ্রাসের ঝুঁকি তৈরি হতে পারে। নীতিগত পর্যায়ে গ্রামীণ পর্যটনের গুরুত্ব স্বীকার করা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কার্যক্রমেও এ অগ্রগতির প্রতিফলন দেখা যাচ্ছে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহালানপাড়া গ্রামে ইতোমধ্যে কমিউনিটিভিত্তিক ট্যুরিজম ভিলেজ গড়ে তোলার কার্যক্রম শুরু হয়েছে। দেশের অন্যান্য অঞ্চলেও এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হলে এটি একটি কার্যকর মডেল হিসেবে ভূমিকা রাখতে পারে।
কমিউনিটিভিত্তিক পর্যটনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো—এখানে স্থানীয় বাসিন্দারাই পর্যটকদের থাকা-খাওয়া, স্থানীয় ঐতিহ্য প্রদর্শন এবং গাইড সেবা দেওয়ার মাধ্যমে সরাসরি অর্থনৈতিকভাবে লাভবান হন। ফলে প্রচলিত হোটেল ও রিসোর্টনির্ভর পর্যটনের বাইরে একটি বিকল্প ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক কাঠামো তৈরি হয়।
বিজ্ঞাপন
গ্রামীণ পর্যটনের সম্ভাবনা বোঝার জন্য দেশের জনমিতিক বাস্তবতার দিকেও নজর দেওয়া প্রয়োজন। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের তথ্য অনুযায়ী, দেশের মোট জনসংখ্যার প্রায় ৮০ শতাংশ মানুষ গ্রামাঞ্চলে বসবাস করেন এবং শ্রমশক্তির প্রায় ৪৮ শতাংশ কৃষিসহ বিভিন্ন গ্রামীণ কর্মকাণ্ডে নিয়োজিত। এত বিপুল জনগোষ্ঠীর কাছে পর্যটনের সুফল সরাসরি পৌঁছে দেওয়া সম্ভব হলে এটি শুধু বাড়তি আয়ের উৎসই হবে না, বরং গ্রাম থেকে শহরমুখী অভিবাসনের চাপ কমাতেও ভূমিকা রাখতে পারে।
গ্রামীণ পর্যটনের অন্যতম সুবিধা হলো—এ ক্ষেত্রে তুলনামূলক কম বিনিয়োগে পর্যটনকেন্দ্র গড়ে তোলা সম্ভব। বড় আকারের হোটেল বা রিসোর্ট নির্মাণের পরিবর্তে বিদ্যমান গ্রামীণ ঘরবাড়ি, নৌকা, হাটবাজার, কারুশিল্প এবং লোকজ উৎসবকেই পর্যটন পণ্যে রূপান্তর করা যায়।
পর্যটকেরা নৌকায় হাওর ভ্রমণ করতে পারেন, তাঁতির ঘরে বসে কাপড় বোনার প্রক্রিয়া দেখতে পারেন, কুমোরপাড়ায় মাটির সামগ্রী তৈরির অভিজ্ঞতা নিতে পারেন কিংবা গ্রামীণ মেলায় লোকসংগীত উপভোগ করতে পারেন। এসব অভিজ্ঞতা শহুরে ও বিদেশি পর্যটকদের কাছে যেমন আকর্ষণীয়, তেমনি এগুলো স্থানীয় মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও সরাসরি সম্পৃক্ত।
বিজ্ঞাপন
তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। প্রথমত, গ্রামীণ এলাকার যোগাযোগব্যবস্থা, নিরাপত্তা, স্যানিটেশন ও অন্যান্য মৌলিক অবকাঠামোর উন্নয়ন জরুরি। কারণ এসব ক্ষেত্রে দুর্বলতা পর্যটকদের আগ্রহে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। দ্বিতীয়ত, স্থানীয় জনগোষ্ঠীকে আতিথেয়তা, পর্যটন ব্যবস্থাপনা, গাইডিং ও পর্যটকসেবা বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হবে। এর মাধ্যমে নতুন গাইডলাইনের উদ্দেশ্য মাঠপর্যায়ে কার্যকর করা সম্ভব হবে।
তৃতীয়ত, মহালানপাড়ার মতো উদ্যোগকে সীমিত পরিসরে না রেখে দেশের বিভিন্ন জেলায় ধাপে ধাপে সম্প্রসারণ করা প্রয়োজন। হাওর, চর, উপকূল, পাহাড় কিংবা সমতলের গ্রাম—প্রতিটি অঞ্চলের নিজস্ব বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে পৃথক পর্যটন গন্তব্য গড়ে তোলা যেতে পারে। এতে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি কর্মসংস্থান ও আয় বৃদ্ধির সুযোগ তৈরি হবে।
কমিউনিটিভিত্তিক পর্যটন গাইডলাইন প্রণয়ন প্রমাণ করে যে সরকার গ্রামীণ পর্যটনের সম্ভাবনা সম্পর্কে সচেতন। এখন প্রয়োজন নীতিমালাকে দ্রুত ও কার্যকরভাবে মাঠপর্যায়ে বাস্তবায়ন করা। দেশের অসংখ্য নিভৃত গ্রাম যেন কেবল কৃষিনির্ভর জনপদ হিসেবে সীমাবদ্ধ না থেকে পর্যটনের নতুন কেন্দ্রে পরিণত হতে পারে—সে উদ্যোগই এখন সময়ের দাবি।
বিজ্ঞাপন
গ্রামীণ পর্যটনের প্রসার ঘটলে একদিকে যেমন স্থানীয় মানুষের আয় ও কর্মসংস্থান বাড়বে, অন্যদিকে দেশের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে এবং আন্তর্জাতিক পর্যটকদের কাছে আরও পরিচিত হয়ে উঠবে। সঠিক পরিকল্পনা, স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের মাধ্যমে গ্রামীণ পর্যটন বাংলাদেশের অর্থনীতি ও পর্যটনশিল্পে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।
লেখক: মো. মামুন হাসান
ইনস্ট্রাক্টর (টেক) ও বিভাগীয় প্রধান
বিজ্ঞাপন
ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ
সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, সাতক্ষীরা।








