বিজয় দিবসে শেষ হলো প্রাথমিক স্তরের শতভাগ পাঠ্যবই ছাপা

মহান বিজয় দিবসে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এক উল্লেখযোগ্য সাফল্যের ঘোষণা এলো। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানিয়েছে, চলতি শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক ও প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক স্তরের সব পাঠ্যপুস্তকের মুদ্রণ ও সরবরাহ কার্যক্রম শতভাগ সম্পন্ন হয়েছে।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সব অংশীজনের সমন্বিত প্রচেষ্টায় নির্ধারিত সময়ের মধ্যেই এই বিশাল কর্মসূচি শেষ করা সম্ভব হয়েছে, যা সাম্প্রতিক বছরের ইতিহাসে একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের দৃঢ় অঙ্গীকার ও ধারাবাহিক তদারকির পাশাপাশি মুদ্রণ প্রতিষ্ঠান, পরিবহন সংস্থা এবং এনসিটিবির কর্মকর্তা-কর্মচারীদের নিরলস পরিশ্রম ও নিষ্ঠার কারণেই এই অর্জন সম্ভব হয়েছে। এর ফলে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রাথমিক স্তরের সব শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়ার পথ নিশ্চিত হলো।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শিক্ষাবর্ষ শুরুর পূর্বেই প্রায় সাড়ে আট কোটির বেশি পাঠ্যপুস্তক মুদ্রণ ও প্রস্তুত করা অত্যন্ত জটিল ও চ্যালেঞ্জিং একটি কাজ। তবুও সময়মতো এ কর্মসূচি সম্পন্ন হওয়া সরকারের শিক্ষা-বান্ধব নীতি এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অটল প্রতিশ্রুতির সুস্পষ্ট প্রতিফলন। একই সঙ্গে এটি দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
বিজ্ঞাপন
এনসিটিবি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই বৃহৎ কর্মযজ্ঞ সফল করার পেছনে সরকারি সংস্থা, মুদ্রণ ও সরবরাহকারী প্রতিষ্ঠান এবং এনসিটিবির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কার্যকর সমন্বয়, পেশাদারিত্ব ও সময়নিষ্ঠতার বড় ভূমিকা রয়েছে। সম্মিলিত এই প্রচেষ্টার ফলেই নির্ধারিত সময়ের মধ্যে পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহের কাজ শেষ করা সম্ভব হয়েছে, যা আগামী শিক্ষাবর্ষকে সুশৃঙ্খলভাবে শুরু করতে সহায়ক হবে।








