Logo

ফেব্রুয়ারিতেই এইচএসসি নির্বাচনী পরীক্ষা, ১০ মার্চের মধ্যে ফল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ জানুয়ারি, ২০২৬, ১৮:৪৭
ফেব্রুয়ারিতেই এইচএসসি নির্বাচনী পরীক্ষা, ১০ মার্চের মধ্যে ফল
ফাইল ছবি

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, এইচএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা ফেব্রুয়ারি মাসে শুরু করতে হবে এবং এসব পরীক্ষার ফল সর্বোচ্চ ১০ মার্চের মধ্যে প্রকাশ নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

রবিবার (৪ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রজ্ঞাপন অনুসারে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচনী পরীক্ষা গ্রহণ বাধ্যতামূলক।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ফেব্রুয়ারি ২০২৬ থেকে দেশের সব সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে নির্বাচনী পরীক্ষা গ্রহণ করতে হবে। একই সঙ্গে পরীক্ষার ফলাফল আগামী ১০ মার্চ ২০২৬ তারিখের মধ্যে প্রকাশ করার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

এ ছাড়া বোর্ড জানায়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম শুরু হবে ১১ মার্চ ২০২৬ থেকে। ফরম পূরণ সংক্রান্ত বিস্তারিত সময়সূচি, নিয়মাবলি ও প্রয়োজনীয় নির্দেশনা যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন উচ্চমাধ্যমিক পর্যায়ের সব সরকারি ও বেসরকারি কলেজের অধ্যক্ষ ও প্রতিষ্ঠানপ্রধানদের দ্রুত প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

বোর্ড সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনী পরীক্ষা ও ফল প্রকাশ সম্পন্ন করা হলে এইচএসসি পরীক্ষার সামগ্রিক প্রস্তুতি ও কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD