কোচিং সেন্টার বন্ধ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সব ধরনের কোচিং সেন্টারের কার্যক্রম আগামী সোমবার (৯ মার্চ) থেকে পবিত্র ঈদুল ফিতরের ছুটি পর্যন্ত বন্ধ থাকবে।
বিজ্ঞাপন
রবিবার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, বাংলা মিডিয়াম ও ইংলিশ মিডিয়ামসহ সব ধরনের কোচিং সেন্টার ছুটির সময়ে বন্ধ থাকবে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোও ঈদুল ফিতরের ছুটির সময় পর্যন্ত শ্রেণিকক্ষ কার্যক্রম বন্ধ রাখবে। তবে বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয়গুলোতে শুধুমাত্র আবশ্যিক পরীক্ষাগুলো নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
এ সিদ্ধান্ত পবিত্র মাহে রমজান ও ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে জনজট নিরসন এবং বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে সব বিদেশি কারিকুলামের প্রতিনিধি নিয়ে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় এ নির্দেশনা দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এবং সকল জেলা প্রশাসককে পাঠিয়েছে।







