৭ জুন থেকে অভিন্ন প্রশ্নপত্রে শুরু হতে পারে এইচএসসি পরীক্ষা

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে এ সময়সূচি নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (২৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেয় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সভায় দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
বৈঠকে অংশ নেওয়া একাধিক সূত্র জানায়, শিক্ষামন্ত্রীর সঙ্গে সাম্প্রতিক আলোচনায় দেওয়া নির্দেশনা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ৭ জুনকে সম্ভাব্য পরীক্ষার শুরুর তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে। এখন শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিলে এই সময়সূচির ভিত্তিতে পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করা হবে।
বিজ্ঞাপন
এদিকে, এ বছর থেকে এইচএসসি পরীক্ষায় বড় পরিবর্তন আসছে। প্রথমবারের মতো দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর আগে কেবল মাদরাসা ও কারিগরি বোর্ডে এ পদ্ধতি চালু ছিল।
ফলে এবার সাধারণ, মাদরাসা ও কারিগরি—সব মিলিয়ে মোট ১১টি শিক্ষা বোর্ডেই একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিজ্ঞাপন
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, অভিন্ন প্রশ্নপত্র চালু হলে পরীক্ষার মান ও মূল্যায়নে সমতা নিশ্চিত করা সহজ হবে। পাশাপাশি প্রশ্নফাঁসসহ নানা অনিয়ম রোধেও এটি কার্যকর ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে।
এখন শিক্ষার্থী ও অভিভাবকদের দৃষ্টি চূড়ান্ত সময়সূচির দিকে, যা অনুমোদন মিললেই দ্রুত প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।







