ফেল করা শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ দিলেন শিক্ষামন্ত্রী

পাবলিক পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সুযোগ সীমিত করার কথা জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ভবিষ্যতে কোনো শিক্ষার্থী দুইবারের বেশি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে না।
বিজ্ঞাপন
শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষাকে সামনে রেখে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের সচিবদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান ব্যবস্থায় একজন শিক্ষার্থী একাধিকবার ফেল করলেও তাকে পুনরায় পড়ানো, নিবন্ধন করা এবং বারবার পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে। এ ধরনের পদ্ধতি শিক্ষাব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি করছে।
বিজ্ঞাপন
তিনি আরও উল্লেখ করেন, একজন শিক্ষার্থী বারবার ফেল করার পরও তাকে সুযোগ দিয়ে পাস করানোর দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, যা শিক্ষার মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত হতে পারে। এতে করে প্রকৃত মানসম্মত শিক্ষা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।
মন্ত্রী বলেন, বর্তমানে বিভিন্ন ধরনের বিপুল সংখ্যক প্রশ্নপত্র তৈরি করে শিক্ষার্থীদের পাস করানোর দিকে অতিরিক্ত জোর দেওয়া হচ্ছে। তবে এর ফলে সামগ্রিক শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না, সে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা জরুরি।
বিজ্ঞাপন
তিনি জোর দিয়ে বলেন, শুধু ফেল করা শিক্ষার্থীদের পাস করানোর ওপর গুরুত্ব না দিয়ে পুরো শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন ও উন্নয়নের দিকে মনোযোগ দেওয়া উচিত।








