Logo

সংসদে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ চাইলেন শিক্ষামন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ এপ্রিল, ২০২৬, ২০:০৮
সংসদে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ চাইলেন শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন | ফাইল ছবি

জাতীয় সংসদের ভিজিটর গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য নির্দিষ্টসংখ্যক আসন স্থায়ীভাবে সংরক্ষণের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন স্পিকারের কাছে একটি আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছেন, যেখানে শিক্ষার্থীদের জন্য ১৫০টি আসন বরাদ্দের অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রস্তাবে বলা হয়েছে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জাতীয় সংসদ জনগণের ইচ্ছার প্রতিফলন এবং সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন প্রজন্মের মধ্যে সংসদীয় কার্যক্রম, আইন প্রণয়নের ধাপ এবং রাষ্ট্র পরিচালনার নীতিনির্ধারণী প্রক্রিয়া সম্পর্কে বাস্তব ধারণা তৈরি করা অত্যন্ত প্রয়োজনীয়। শুধুমাত্র পাঠ্যবইভিত্তিক জ্ঞানের বাইরে গিয়ে সংসদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণের সুযোগ পেলে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, দায়িত্ববোধ ও গণতান্ত্রিক চেতনা আরও বিকশিত হবে।

বর্তমানে জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে মোট ৪৪৮টি আসন রয়েছে। এর মধ্যে ১২ বছরের কম বয়সী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত রয়েছে ৫০টি আসন। অবশিষ্ট ৩৯৮টি আসনের মধ্যে থেকে ১০০টি আসন শিক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ দেওয়ার প্রস্তাব করা হয়েছে, যাতে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা শিক্ষা সফরের অংশ হিসেবে সংসদ পরিদর্শনের সুযোগ পায়।

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী তার প্রস্তাবে উল্লেখ করেন, ভবিষ্যৎ প্রজন্মকে রাষ্ট্রব্যবস্থা ও গণতন্ত্রের চর্চা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা দিতে এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য মোট ১৫০টি আসন স্থায়ীভাবে সংরক্ষণের বিষয়টি দীর্ঘমেয়াদে ইতিবাচক ফল বয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

চিঠিতে আরও বলা হয়, সংসদীয় গণতন্ত্রকে আরও জনসম্পৃক্ত এবং শিক্ষার্থীবান্ধব করতে এই প্রস্তাবটি সময়োপযোগী। ভবিষ্যৎ নাগরিকদের জ্ঞান ও সচেতনতা বাড়াতে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার জন্য স্পিকারের কাছে অনুরোধ জানানো হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD