ডিসিদের সন্তানদের পড়াতে হবে নিজ জেলার স্কুলেই: শিক্ষামন্ত্রী

জেলা প্রশাসকদের (ডিসি) সন্তানদের নিজ নিজ জেলার স্কুলেই অধ্যয়ন নিশ্চিত করার বিষয়ে মত দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে আসন্ন পাবলিক পরীক্ষাকে ঘিরে নকল প্রতিরোধ ও শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানের কথাও জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
শনিবার (১১ এপ্রিল) সকালে রাজশাহীতে আয়োজিত এসএসসি ও সমমান পরীক্ষাকে সামনে রেখে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে নকলের ধরন আগের চেয়ে অনেক বেশি জটিল ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠেছে। এ কারণে পরীক্ষা কেন্দ্রসহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সিসিটিভি নজরদারির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
বিজ্ঞাপন
তিনি সংশ্লিষ্টদের সতর্ক করে বলেন, পরীক্ষার সময় বিদ্যুৎ না থাকায় ক্যামেরা বন্ধ ছিল—এ ধরনের অজুহাত গ্রহণযোগ্য হবে না।
তিনি আরও বলেন, কোনোভাবেই যেন পরীক্ষাবিহীন বা মেধাহীনভাবে কেউ সনদ অর্জন করতে না পারে, সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। শিক্ষার্থীদের মধ্যে যারা পড়াশোনায় মনোযোগী, তাদের নিয়েই সরকারের ভাবনা—এ কথা উল্লেখ করে তিনি অনিয়মের বিরুদ্ধে সতর্ক বার্তা দেন।
বোর্ডভিত্তিক পাসের হার বাড়ানোর প্রবণতাকে সমালোচনা করে মন্ত্রী বলেন, বিভিন্ন শিক্ষা বোর্ডের মধ্যে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা চলছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনা করা প্রয়োজন বলে তিনি মত দেন।
বিজ্ঞাপন
শিক্ষাব্যবস্থায় মৌলিক পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, এমন একটি কাঠামো গড়ে তুলতে হবে যাতে শিক্ষার্থীদের সময় অপচয় না হয় এবং তারা দক্ষ জনশক্তিতে পরিণত হতে পারে।
একই সঙ্গে আন্তর্জাতিক ভাষা শিক্ষার প্রসার ঘটানোর ওপর গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী বলেন, জাপানি, চীনা ও ফরাসি ভাষাসহ বিভিন্ন ভাষায় দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা গেলে দেশের জনশক্তিকে বৈশ্বিক মানবসম্পদে রূপান্তর করা সম্ভব হবে।
বিজ্ঞাপন
সভায় উপস্থিত শিক্ষকদের উদ্দেশে কঠোর সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, কোনো প্রতিষ্ঠানে যদি শিক্ষার্থীদের ফলাফল একেবারেই শূন্যের কোঠায় নেমে আসে, তাহলে ভবিষ্যতে সংশ্লিষ্টদের জবাবদিহির মুখোমুখি হতে হবে। তাই এখন থেকেই প্রস্তুতি নিয়ে ভালো ফলাফল নিশ্চিত করার আহ্বান জানান তিনি।








