কাল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

দেশজুড়ে আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) শুরু হচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এ বছর মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী এতে অংশ নিচ্ছে।
বিজ্ঞাপন
পরীক্ষার সূচি অনুযায়ী, বাংলা প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত এবং প্রতিদিন সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে। এরপর ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে ১৪ লাখ ১৮ হাজারের বেশি। মাদ্রাসা শিক্ষা বোর্ডে দাখিল পরীক্ষার্থী ৩ লাখের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছে ১ লাখ ৩৪ হাজারেরও বেশি শিক্ষার্থী। সারা দেশে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
পরিসংখ্যান অনুযায়ী, মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। গত বছরের তুলনায় পরীক্ষার্থী কমেছে প্রায় ৭১ হাজার ৬২৬ জন।
পরীক্ষা পদ্ধতিতে প্রতিটি বিষয়ে প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে সৃজনশীল বা রচনামূলক অংশ নেওয়া হবে (আইসিটি ব্যতীত)। দুই অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না। এমসিকিউ অংশের জন্য সময় ৩০ মিনিট এবং সৃজনশীল অংশের জন্য ২ ঘণ্টা ৩০ মিনিট নির্ধারণ করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এবং প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। পরীক্ষা চলাকালে মোবাইল ফোন বহন সম্পূর্ণ নিষিদ্ধ। উত্তরপত্র ভাঁজ করা যাবে না এবং ওএমআর ফরমে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে পূরণ করতে হবে।
বিজ্ঞাপন
এছাড়া শুধুমাত্র সাধারণ (নন-প্রোগ্রামেবল) সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। নিবন্ধনপত্রে উল্লেখিত বিষয়ের বাইরে অন্য কোনো বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না।
শিক্ষার্থীদের বহুনির্বাচনী, সৃজনশীল ও ব্যবহারিক—এই তিন অংশেই পৃথকভাবে পাস করতে হবে। কোনো একটি অংশে অকৃতকার্য হলে পুরো বিষয়েই ফেল হিসেবে গণ্য করা হবে।








