সিসিটিভি নজরদারিতে প্রথম দিনেই মিলল সুষ্ঠু আয়োজনের চিত্র

দেশজুড়ে কঠোর নজরদারির মধ্যে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে প্রতিটি কেন্দ্র পর্যবেক্ষণ করা হচ্ছে, ফলে প্রথম দিনেই কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
এবারের পরীক্ষায় নতুন সংযোজন হিসেবে প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরা থেকে প্রাপ্ত ভিডিও ফুটেজ শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে সংরক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে, যা পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি কেন্দ্রকে সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে রাখতে হবে এবং প্রতি সাত দিন অন্তর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে তা পাঠাতে হবে। এতে করে কোনো অভিযোগ উঠলে দ্রুত যাচাই-বাছাই করা সহজ হবে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে শুরু হয় এই পরীক্ষা। এতে অংশ নিয়েছে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে ১৮ লাখের বেশি শিক্ষার্থী। পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।
প্রথম দিনের পরীক্ষা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। বোর্ডের কন্ট্রোল রুমে দায়িত্বে থাকা এক কর্মকর্তা দুপুরের আগে জানান, এখন পর্যন্ত পরীক্ষা সুষ্ঠুভাবে চলছে এবং কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, কেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্টদের সতর্ক রাখা হয়েছে। একই সঙ্গে পরীক্ষার্থীরাও নির্বিঘ্ন পরিবেশে পরীক্ষায় অংশ নিচ্ছেন। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিসিটিভির মাধ্যমে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় কোরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পর্যায়ে বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে।








