বাউবির এসএসসি পরীক্ষা শুরু শুক্রবার, অংশ নিচ্ছে ৩১ হাজারের বেশি শিক্ষার্থী

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এসএসসি প্রোগ্রামের পরীক্ষা-২০২৬ শুক্রবার (২৪ এপ্রিল) থেকে সারা দেশে একযোগে শুরু হতে যাচ্ছে।
বিজ্ঞাপন
সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপিত মোট ১৭০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলিয়ে এবার মোট ৩১ হাজার ৫২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। এর মধ্যে ২০ হাজার ১৫৯ জন পুরুষ এবং ১০ হাজার ৮৯৩ জন নারী শিক্ষার্থী রয়েছেন।
বিজ্ঞাপন
প্রতিবছরের মতো এবারও নকলমুক্ত, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ জন্য স্থানীয় প্রশাসনের সহযোগিতা নেওয়া হয়েছে। পাশাপাশি বাউবি থেকে গঠিত ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.bou.ac.bd পাওয়া যাবে বলেও জানানো হয়েছে।








