Logo

সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের দাবি সমাধানের আশ্বাস প্রতিমন্ত্রীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ এপ্রিল, ২০২৬, ১৫:৪৭
সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের দাবি সমাধানের আশ্বাস প্রতিমন্ত্রীর
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও দীর্ঘদিন নিয়োগ ও পদায়ন না পাওয়া প্রার্থীদের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রবিবার (২৬ এপ্রিল) রাজধানীর শাহবাগে চলমান অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনরত প্রার্থীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে তিনি তাদের দাবির বিষয়ে ইতিবাচক আশ্বাস দেন।

বিজ্ঞাপন

আন্দোলনরত প্রার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে প্রতিমন্ত্রী জানান, সুপারিশপ্রাপ্তদের নিয়োগ ও পদায়ন সংক্রান্ত জটিলতা গুরুত্ব সহকারে দেখা হবে। তাদের বর্তমান ভোগান্তি, অনিশ্চয়তা এবং দীর্ঘ প্রতীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

প্রার্থীদের পক্ষে সাত সদস্যের একটি প্রতিনিধি দল প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেন। প্রতিনিধি দলে ছিলেন দেবব্রত, জান্নাতুল ইসলাম টনি, পারভেজ, আফসানা, জান্নাতুল ফেরদৌস শান্তা, ফারজানা ও শিশির।

বিজ্ঞাপন

এদিকে আন্দোলনরত সুপারিশপ্রাপ্তরা অভিযোগ করেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্ত ফল প্রকাশের পরও নিয়োগ ও পদায়ন প্রক্রিয়ায় অস্বাভাবিক ধীরগতি দেখা দিয়েছে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় চরম অনিশ্চয়তা ও হতাশায় ভুগছেন প্রায় ১৫ হাজার প্রার্থী।

দ্রুত যোগদানের দাবিতে রবিবার রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

আন্দোলনকারীরা বলেন, চূড়ান্ত ফল প্রকাশের পর থেকে নিয়োগ কার্যক্রম দৃশ্যমানভাবে এগোয়নি। বরং পুরো বিষয়টি ঘিরে অনিশ্চয়তা আরও বেড়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর এবং নিয়োগ প্রক্রিয়ার ধীরগতির কারণে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলেও জানান।

বিজ্ঞাপন

তাদের ভাষ্য, রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট দপ্তরের পুনঃযাচাই শেষে গত ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত সুপারিশ প্রকাশ করা হয়। পরে সুপারিশপ্রাপ্তরা প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দেন এবং স্বাস্থ্য পরীক্ষাও সম্পন্ন করেন। অনেক প্রার্থী যোগদানের প্রস্তুতি হিসেবে আগের চাকরি ছেড়েছেন বলেও দাবি করেন।

তবু আড়াই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও নিয়োগ সংক্রান্ত কোনো স্পষ্ট নির্দেশনা না পাওয়ায় ক্ষোভ বাড়ছে। দ্রুত নিয়োগ সম্পন্ন করে কর্মস্থলে যোগদানের সুযোগ নিশ্চিত করার দাবি জানান তারা।

বিজ্ঞাপন

এর আগে বেলা ১১টায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই আন্দোলনকারীরা শাহবাগ সড়কে অবস্থান নেন। এ সময় পুলিশ তাদের সড়ক ছাড়তে বললে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে পরিস্থিতি শান্ত হলে পুলিশের ব্যারিকেডের ভেতর থেকেই কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন আন্দোলনকারীরা।

জানা গেছে, গত ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা বাদে দেশের ৬১ জেলায় একযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। পরে ৮ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চূড়ান্ত ফল প্রকাশ করে ১৪ হাজার ৩৮৪ জনকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করে।

কিন্তু ফল প্রকাশের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও যোগদানের নির্দেশনা না আসায় সুপারিশপ্রাপ্তদের মধ্যে হতাশা আরও বেড়েছে। তাদের দাবি, দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে কর্মস্থলে যোগদানের সুযোগ নিশ্চিত করতে হবে। এ দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখার কথাও জানিয়েছেন আন্দোলনকারীরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD