এসএসসি প্রশ্নফাঁস নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নফাঁস সংক্রান্ত ছড়িয়ে পড়া গুজবকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করে সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার (২৬ এপ্রিল) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ ধরনের খবরকে ‘অসত্য’ হিসেবে অভিহিত করে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞাপন
মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে দাবি করা হচ্ছে—২০২৬ সালের এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র আগেই ফাঁস হয়েছে। তবে এ দাবির কোনো বাস্তবতা নেই বলে স্পষ্ট করেছে কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ এপ্রিল বাংলা প্রথম পত্র এবং ২৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে। দেশের কোথাও প্রশ্নফাঁস বা অপ্রীতিকর ঘটনার কোনো তথ্য পাওয়া যায়নি। পরীক্ষা শেষ হওয়ার পর এ ধরনের গুজব ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অযথা উদ্বেগ তৈরি করা হচ্ছে।
বিজ্ঞাপন
শিক্ষা মন্ত্রণালয় আরও জানায়, একটি স্বার্থান্বেষী মহল সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছে। একই সঙ্গে পরিষ্কারভাবে জানানো হয়েছে, প্রশ্নফাঁসের সঙ্গে মন্ত্রণালয় বা এর অধীন কোনো কর্মকর্তা-কর্মচারীর সংশ্লিষ্টতা নেই।
জনসাধারণকে এ ধরনের গুজবে কান না দেওয়ার পাশাপাশি বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। প্রশ্নপত্র সংগ্রহের নামে কোনো ধরনের অর্থ লেনদেন থেকে বিরত থাকার পরামর্শও দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এছাড়া কোথাও প্রশ্নফাঁসের গুজব বা সন্দেহজনক তৎপরতা দেখা গেলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করা হয়েছে। ইতোমধ্যে গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।







