Logo

এসএসসি প্রশ্নফাঁসের দাবি ভুয়া, সচেতন থাকার অনুরোধ বোর্ডের

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ এপ্রিল, ২০২৬, ১৭:৪৫
এসএসসি প্রশ্নফাঁসের দাবি ভুয়া, সচেতন থাকার অনুরোধ বোর্ডের
ছবি: সংগৃহীত

চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এ ধরনের অপপ্রচার থেকে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি অসাধু চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি, আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি করার চেষ্টা করছে। একই সঙ্গে তারা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টাও চালাচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২০ এপ্রিল পুলিশের সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণের সময় ‘এসএসসি ২০২৬ প্রশ্নপত্র ফাঁস গ্রুপ’ নামে একটি ফেসবুক পেজ শনাক্ত করে। পরবর্তীতে তথ্য-প্রযুক্তির সহায়তায় বিশ্লেষণ করে ২৩ এপ্রিল ঢাকার আশুলিয়ার জিরাবো টাঙ্গুর এলাকায় অভিযান চালানো হয়। এ অভিযানে মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।

শিক্ষা বোর্ড জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা অবৈধ আর্থিক সুবিধা অর্জন এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে প্রশ্নপত্র ফাঁসের মিথ্যা প্রচারণা চালাচ্ছিল। এর মাধ্যমে চলমান এসএসসি পরীক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার অপচেষ্টা ছিল তাদের।

বিজ্ঞাপন

এ অবস্থায়, প্রশ্নফাঁস সংক্রান্ত যেকোনো গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্যের জন্য শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর আস্থা রাখার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার জন্যও সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD