Logo

শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, অংশ নেবে সাড়ে ৪ লাখ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ এপ্রিল, ২০২৬, ২০:০৪
শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, অংশ নেবে সাড়ে ৪ লাখ
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হবে। এবারের পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন মোট ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী।

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।

তিনি জানান, সারাদেশে মোট ১৩৮টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় শুরু হয়ে এক ঘণ্টাব্যাপী এমসিকিউ পদ্ধতির পরীক্ষা শেষ হবে দুপুর ১২টায়। মেধাক্রম অনুযায়ী ৮৮০টি কলেজে ৩১টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।

বিজ্ঞাপন

উপাচার্য আরও জানান, এবারের ভর্তি পরীক্ষায় ৮৮০টি কলেজে মোট আসন রয়েছে ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি। এর মধ্যে ৩৭৫টি সরকারি কলেজে আসন ২ লাখ ৭০ হাজার ৫২০টি এবং ৫০৫টি বেসরকারি কলেজে আসন ১ লাখ ৮২ হাজার ৩৫৫টি। সরকারি কলেজে আবেদন পড়েছে ৩ লাখ ৯৪ হাজারের বেশি, আর বেসরকারি কলেজে আবেদন জমা হয়েছে ৫৮ হাজার ৯১৯টি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক এ টি এম জাফরুল আযমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, দীর্ঘ আট বছর এসএসসি ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে ভর্তি কার্যক্রম চললেও ২০২৫ সাল থেকে আবারও ভর্তি পরীক্ষা চালু করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD