Logo

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনোভাবেই দলীয়করণের সুযোগ নেই: আমির খসরু

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ এপ্রিল, ২০২৬, ১৮:৩৯
শিক্ষাপ্রতিষ্ঠানে কোনোভাবেই দলীয়করণের সুযোগ নেই: আমির খসরু
ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয়কে জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে উল্লেখ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কোনোভাবেই দলীয়করণের সুযোগ নেই। আইন লঙ্ঘন করে কাউকে বিশেষ সুবিধা দেওয়া হবে না এবং ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ এপ্রিল) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন এলাকায় ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দেশ ধীরে ধীরে একটি স্থিতিশীল ও সহনশীল রাজনৈতিক পরিবেশের দিকে যাচ্ছে। যারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তারা যে রাজনৈতিক পরিচয়েরই হোক না কেন, তাদের ছাড় দেওয়া হবে না। আইনের বাইরে যাওয়ার সুযোগ কারও নেই বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, দেশে বিদ্যুৎ সংকট নেই—এ কথা পুরোপুরি বলা ঠিক হবে না, তবে এটি শুধু বাংলাদেশের নয়, বৈশ্বিক সমস্যা। জনগণের স্বার্থ বিবেচনায় জ্বালানির দাম কিছুটা সমন্বয় করা হয়েছে। প্রতিবেশী অনেক দেশে দাম আরও বেশি বেড়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও দাবি করেন, ব্যবস্থাপনার কারণে দেশে এখনো বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট হয়নি। অনেক দেশে কারফিউ পরিস্থিতি তৈরি হলেও বাংলাদেশে সেই অবস্থার সৃষ্টি হয়নি বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

ব্যাংক খাতের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আমির খসরু বলেন, অতীতে প্রায় ২৩০ বিলিয়ন ডলার দেশের বাইরে পাচার হয়েছে। ব্যাংক খাতকে ব্যাপক লুটপাটের মাধ্যমে দুর্বল করে ফেলা হয়েছে, ফলে বর্তমানে অনেক ব্যাংক তারল্য সংকটে রয়েছে এবং শেয়ারবাজারও দুর্বল অবস্থায় আছে।

তিনি বলেন, সাধারণ মানুষ তাদের আমানত তুলতে গিয়ে সমস্যার মুখে পড়ছেন। এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে সময় লাগবে, তবে সরকার এ খাত পুনর্গঠনে কাজ করছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD