মাউশির মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক সোহেল

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর মহাপরিচালকের (ডিজি) চলতি দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলকে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বর্তমানে তিনি অধিদপ্তরে মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালনের পাশাপাশি মাধ্যমিক শাখার পরিচালক হিসেবেও দায়িত্বে রয়েছেন। নতুন নির্দেশনা অনুযায়ী, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তিনি নিজ বেতন-ভাতায় মহাপরিচালকের চলতি দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে, এ দায়িত্ব কোনো পদোন্নতি হিসেবে বিবেচিত হবে না। ফলে এ দায়িত্ব পালনের ভিত্তিতে তিনি পদোন্নতির দাবি করতে পারবেন না। নিয়মিত প্রক্রিয়ায় এই পদে স্থায়ী নিয়োগ দেওয়া হলে সংশ্লিষ্ট কর্মকর্তার যোগদানের সঙ্গে সঙ্গেই বর্তমান চলতি দায়িত্বের আদেশ বাতিল হয়ে যাবে।
বিজ্ঞাপন
জানা গেছে, এর আগে তিনি শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের একান্ত সচিব হিসেবে দায়িত্বে ছিলেন। তবে মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পাওয়ার পর তিনি ওই পদ থেকে অব্যাহতি নেন।
মাউশির গুরুত্বপূর্ণ এ পদটি দীর্ঘদিন ধরে শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রমে অস্থিরতা দেখা দেয়। গত ছয় মাস ধরে নিয়মিত মহাপরিচালক না থাকায় চলতি দায়িত্বের মাধ্যমে দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হচ্ছিল।
বিজ্ঞাপন
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময় গত বছরের ১৪ অক্টোবর তৎকালীন মহাপরিচালক অধ্যাপক মুহাম্মদ আজাদ খানকে অপসারণ করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এর আগে একই বছরে নিয়োগ পাওয়া অধ্যাপক এহতেসাম উল হককেও এক মাসের মধ্যে সরিয়ে দেওয়া হয়। ফলে পদটিতে ধারাবাহিক পরিবর্তন ও শূন্যতার সৃষ্টি হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে মাউশির প্রশাসনিক কার্যক্রমে কিছুটা স্থিতিশীলতা ফিরে আসতে পারে।








