পাকিস্তানের সঙ্গে জ্ঞান বিনিময় বাংলাদেশের জন্য খুবই ভালো: শিক্ষামন্ত্রী

পাকিস্তানের সঙ্গে শিক্ষা ও জ্ঞানভিত্তিক সহযোগিতা বাড়ানো বাংলাদেশের জন্য খুবই ভালো হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। তিনি বলেছেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের শিক্ষা ও জ্ঞান বিনিময় অর্থাৎ শিক্ষামেলার আয়োজনকে আমি সমর্থন করি। এটি আমাদের জন্য খুবই ভালো হবে।
বিজ্ঞাপন
সোমবার (১১ মে) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত পাকিস্তান-বাংলাদেশ জ্ঞান বিনিময় করিডোর উদ্বোধন এবং এডুকেশন এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের ১১৬টি বিশ্ববিদ্যালয় আছে। আরও বেশ কিছু আসার পথে। এর মধ্যে ৫৭টি বিশ্ববিদ্যালয় ভালো করছে। তবে, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের শিক্ষা ও জ্ঞান বিনিময় অর্থাৎ শিক্ষামেলার আয়োজনকে আমি সমর্থন করি। এটি আমাদের জন্য খুবই ভালো হবে।
বিজ্ঞাপন
বাংলাদেশি শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষা গ্রহণে উৎসাহিত করে শিক্ষামন্ত্রী বলেন, তারা পরীক্ষা নেবে এবং যোগ্যরা পড়াশোনার সুযোগ পাবেন। আমি বাংলাদেশের শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষায় অংশ নেওয়ার ব্যাপারে অনুপ্রাণিত করছি। আমাদের পক্ষ থেকে এ ব্যাপারে পূর্ণ সহযোগিতা থাকবে।
মন্ত্রী আরও জানান, পাকিস্তানের কিছু খুবই ভালো মানের বিশ্ববিদ্যালয় রয়েছে। এখানে বিনামূল্যে উচ্চশিক্ষা নেওয়ারও সুযোগ রয়েছে। আল্লামা ইকবাল স্কলারশিপ খুবই সফল হবে বলে প্রত্যাশা করি।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার বলেন, আগামী ১০ দিন ঢাকার পাশাপাশি রাজশাহী, রংপুর, সিলেট এবং চট্টগ্রামেও পাকিস্তান-বাংলাদেশ এডুকেশন এক্সপো হবে। এতে দুই দেশের শিক্ষা, জ্ঞান এবং সংস্কৃতি বিনিময়ের সুযোগ হবে।
তিনি আরও বলেন, সমঝোতা স্মারকের (এমওইউ) মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ বাড়াতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী পাকিস্তান।








