বেরোবির ভিসি নিয়োগে নাটকীয়তা, দুই ঘণ্টার মধ্যেই প্রজ্ঞাপন বাতিল

দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের অংশ হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছিলেন ড. আনিসুর রহমান। তবে নিয়োগের অল্প সময়ের মধ্যেই সেই সিদ্ধান্ত থেকে সরে আসে শিক্ষা মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৪ মে) জারি করা এক নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে তার নিয়োগ সংক্রান্ত আগের আদেশ বাতিল করা হয়। এর আগে একই দিনে তাকে চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।
শিক্ষা মন্ত্রণালয়ের নতুন আদেশে উল্লেখ করা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সম্পর্কিত ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৮১.২২-২০৬ এবং ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৮১.২২-২০৭ নম্বর স্মারকের মাধ্যমে জারি করা পূর্ববর্তী নির্দেশনা বাতিল করা হয়েছে।
বিজ্ঞাপন
সরকার সম্প্রতি দেশের ১১টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেয়। সেই তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমানের নামও অন্তর্ভুক্ত ছিল। তবে নিয়োগ ঘোষণার পরপরই তা নিয়ে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়।
অভিযোগ ওঠে, তিনি সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের নিকটাত্মীয়। এ বিষয়টি সামনে আসার পর নিয়োগ নিয়ে বিতর্ক তৈরি হয় বলে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিজ্ঞাপন
সূত্র আরও জানায়, নিয়োগ নিয়ে আলোচনা-সমালোচনা বাড়তে থাকায় দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে মন্ত্রণালয়। পরে নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে তার নিয়োগ বাতিল করা হয়।
ঘটনাটি বিশ্ববিদ্যালয় অঙ্গনসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।








