Logo

২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ মে, ২০২৬, ১৫:৪৯
২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
ছবি: সংগৃহীত

দেশের ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে সরকার। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী বছরের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে এবং তা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যদিকে, এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ৬ জুন এবং শেষ হবে ১৩ জুলাই।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরীক্ষার সময়সূচি ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

এ সময় তিনি জানান, শিক্ষার্থীদের পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ নিশ্চিত করা এবং শিক্ষা কার্যক্রমে সেশনজট কমাতে সময়মতো পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষাগুলো সম্পন্ন করতে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। সরকার চায়, নির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডারের মধ্যেই পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশের কার্যক্রম শেষ করতে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে এসএসসি পরীক্ষা ডিসেম্বর মাসে আয়োজনের চিন্তা করা হয়েছিল। তবে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন মহলের মতামতের পর সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়। পরে পরীক্ষার সময় পিছিয়ে জানুয়ারিতে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার সূচি এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে শিক্ষার্থীরা পর্যাপ্ত সময় নিয়ে প্রস্তুতি সম্পন্ন করতে পারে। একই সঙ্গে পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে আয়োজন করতে সরকার কঠোর অবস্থানে থাকবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, প্রশ্নপত্র ফাঁস বা অনিয়ম ঠেকাতে পরীক্ষাকেন্দ্র ও সংশ্লিষ্ট কার্যক্রমে কঠোর নজরদারি বাড়ানো হবে। এ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ নিশ্চিত করতে দেশের সব শিক্ষা বোর্ডকে আগাম প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, নিয়মিত শিক্ষাবর্ষ বজায় রাখতে এবং শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ কমাতে আগেভাগেই পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। এর ফলে শিক্ষার্থী ও অভিভাবকেরা দীর্ঘমেয়াদি প্রস্তুতি পরিকল্পনা করতে পারবেন বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD