অনার্স শিক্ষার্থীদের জন্য বড় সুখবর, উপবৃত্তি দিবে সরকার

আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা দিতে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ে উপবৃত্তি কার্যক্রম শুরু করেছে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় পরিচালিত এ কর্মসূচিতে আগামী ১৭ মে থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ১৪ জুন পর্যন্ত।
বিজ্ঞাপন
এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে দেশের বিভিন্ন কলেজের অধ্যক্ষদের কাছে চিঠি পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) স্মৃতি কর্মকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও এ বিষয়ে তথ্য প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীরা এই উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
বিজ্ঞাপন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের প্রথম বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ সুবিধার আওতায় আসবেন। ২০২৫-২৬ অর্থবছরের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের উপবৃত্তি, টিউশন ফি এবং অন্যান্য শিক্ষা সহায়তা প্রদান করা হবে।
শিক্ষার্থীরা আগামী ১৭ মে সকাল ৯টা থেকে ১৪ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে।
বিজ্ঞাপন
এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা শিক্ষার্থীদের উপস্থিতি ও বাছাই কমিটির রেজুলেশন সফটওয়্যারে আপলোড করে আবেদন ফরওয়ার্ড করতে পারবেন ১৫ জুন সকাল ৯টা থেকে ২১ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
উপবৃত্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে pmeat.gov.bd প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইট এবং ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের নোটিশ বোর্ডে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো আবেদন প্রক্রিয়া অনলাইনভিত্তিক হওয়ায় কোনো ধরনের হার্ড কপি জমা দেওয়ার প্রয়োজন হবে না।








