এসএসসি-এইচএসসি খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা

এসএসসি ও এইচএসসিসহ সব ধরনের পাবলিক পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন প্রক্রিয়ায় পরিবর্তন আনতে নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালায় কোন পরিস্থিতিতে উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করা যাবে, সে বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা রাখা হবে।
বিজ্ঞাপন
সোমবার (১৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’ অনুষ্ঠানে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী জানান, চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য ইতোমধ্যে ১২ লাখের বেশি আবেদন জমা পড়েছে। বিপুলসংখ্যক আবেদন যাচাই ও নিষ্পত্তি করতে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বড় ধরনের চাপের মুখে পড়তে হচ্ছে।
এত বেশি সংখ্যক আবেদন পুনর্মূল্যায়ন করা সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য হওয়ায় ভবিষ্যতে এই প্রক্রিয়াকে আরও সুনির্দিষ্ট ও কার্যকর করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ কারণেই নতুন নীতিমালা প্রণয়নের পরিকল্পনা করা হচ্ছে বলে জানান মন্ত্রী।
বিজ্ঞাপন
আরও পড়ুন
নতুন ব্যবস্থায় সব উত্তরপত্র একইভাবে পুনর্মূল্যায়নের আওতায় না এনে নির্দিষ্ট কিছু পরিস্থিতি ও কারণকে বিবেচনায় নেওয়ার বিধান রাখা হতে পারে। তবে কোন কোন ক্ষেত্রে আবেদন গ্রহণযোগ্য হবে, তা নীতিমালা চূড়ান্ত হওয়ার পর বিস্তারিতভাবে জানা যাবে।
বিজ্ঞাপন
বিদেশি শিক্ষার্থীদের ভিসা সহজ করার উদ্যোগ
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও জানান, বাংলাদেশে বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে ভিসা নীতি সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বিদেশি শিক্ষার্থীরা তুলনামূলক সহজ প্রক্রিয়ায় বাংলাদেশে পড়াশোনার জন্য ভিসা পেতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আরও আকর্ষণীয় করে তোলার পাশাপাশি দেশের শিক্ষাব্যবস্থার আন্তর্জাতিক সংযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে অনুষ্ঠানে উঠে আসে।
বিজ্ঞাপন
উচ্চশিক্ষায় এআই ব্যবহারের ওপর গুরুত্ব
শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (Artificial Intelligence) প্রযুক্তির ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
বর্তমান বিশ্বে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে শিক্ষাব্যবস্থাকে সামঞ্জস্যপূর্ণ করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
একই সঙ্গে দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ বা টিভিইটি (TVET) ব্যবস্থার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। তার মতে, কর্মমুখী দক্ষতা তৈরিতে কারিগরি শিক্ষার বিকল্প নেই।
বিজ্ঞাপন
কিউএস বাংলাদেশ ফোরামে বিভিন্ন বক্তার বক্তব্য
‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
অনুষ্ঠানে অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের চেয়ারম্যান ড. মো. সবুর খান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইশতিয়াক আবেদিন এবং কিউএসের চিফ কমার্শিয়াল অফিসার জেসন নিউম্যান বক্তব্য দেন। কিউএস ইন্ডিয়ার চেয়ারম্যান ড. অশ্বিন ফার্নান্দেজ স্বাগত বক্তব্য দেন।
বিজ্ঞাপন
নতুন নীতিমালা কার্যকর হলে পাবলিক পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন প্রক্রিয়ায় আরও নির্দিষ্টতা আসবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বিপুলসংখ্যক আবেদন যাচাইয়ের প্রশাসনিক চাপ কমানো এবং প্রকৃত অভিযোগগুলো দ্রুত নিষ্পত্তির সুযোগ তৈরি হতে পারে।








