স্কুল ভর্তিতে মেধা যাচাই, তিন বিষয়ে দিতে হবে লিখিত পরীক্ষা

দেশের সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তিতে আবারও পরীক্ষা পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
বিজ্ঞাপন
এ লক্ষ্যে ভর্তি পরীক্ষা ও শিক্ষার্থী নির্বাচনের প্রক্রিয়া নিয়ে একটি খসড়া নীতিমালা তৈরি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিগগিরই এটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর নীতিমালাটি আনুষ্ঠানিকভাবে জারি করা হবে। এরপর আগামী ডিসেম্বরে এই পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে।
খসড়া নীতিমালা অনুযায়ী, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে বাংলা, ইংরেজি ও গণিত—এই তিন বিষয়ে শিক্ষার্থীদের মেধা যাচাই করা হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরীক্ষায় বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর থাকবে। পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মেধাতালিকা প্রস্তুত করা হবে। সেই মেধাক্রম অনুসারেই বিদ্যালয়ে ভর্তির সুযোগ দেওয়া হবে।
বিজ্ঞাপন
মাউশির মাধ্যমিক শাখার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ১০০ নম্বরের এই ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তিন বিষয়ের ফলাফলের ভিত্তিতেই শিক্ষার্থী নির্বাচন করা হবে।
মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ বলেন, স্কুলে ভর্তি পরীক্ষা নেওয়ার পদ্ধতি নিয়ে একটি খসড়া নীতিমালা প্রস্তুত করা হয়েছে। তবে এর চূড়ান্ত অনুমোদন দেবে শিক্ষা মন্ত্রণালয়। অনুমোদনের পরই নীতিমালাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।








