Logo

৫০তম বিসিএসের ফল প্রকাশে ৭২ ঘণ্টার আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর, ২০২৬, ১৭:৩৬
৫০তম বিসিএসের ফল প্রকাশে ৭২ ঘণ্টার আলটিমেটাম
ছবি: সংগৃহীত

৫০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশের নির্ধারিত সময় পার হলেও এখনো ফল না আসায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে পরীক্ষার্থীদের মধ্যে। দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তা কাটাতে আগামী ৭২ ঘণ্টার মধ্যে ফলাফল প্রকাশের দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে প্রয়োজনে ৪৭তম বিসিএসের গেজেট প্রকাশের পর সম্পূরক ফলাফলের মাধ্যমে ‘রিপিট ক্যাডার’ জটিলতা সমাধানের প্রস্তাব দিয়েছেন পরীক্ষার্থীরা।

বিজ্ঞাপন

শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন ৫০তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতিনিধিরা।

সংবাদ সম্মেলনে পরীক্ষার্থীরা জানান, ২০২৫ সালের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের সময় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ‘এক বছরে এক বিসিএস’ বাস্তবায়নের পরিকল্পনা ঘোষণা করেছিল। সেই পরিকল্পনা অনুসারে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা নির্ধারিত সময়ের মধ্যে শেষ হলেও ২৫ নভেম্বরের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশের প্রতিশ্রুতি পূরণ হয়নি।

তাদের অভিযোগ, নির্ধারিত সময় অতিক্রান্ত হলেও ফলাফল প্রকাশের বিষয়ে কমিশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। কেন ঘোষিত সময়সূচি অনুসরণ করা সম্ভব হয়নি, সে বিষয়ে পিএসসিকে স্পষ্ট বক্তব্য দেওয়ার আহ্বান জানান তারা। পাশাপাশি কমিশনের প্রতিশ্রুতি বাস্তবায়নে জবাবদিহি নিশ্চিত করার দাবি তোলেন।

পরীক্ষার্থীরা আরও বলেন, ৪৬তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশের অপেক্ষায় ৫০তম বিসিএসের ফলাফল আটকে রাখা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে তাদের মতে, শুধু ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ করলেই ‘রিপিট ক্যাডার’সংক্রান্ত সব জটিলতা দূর হবে না। কারণ পরবর্তী সময়ে ৪৭তম বিসিএসের কয়েকজন প্রার্থীও ৫০তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হতে পারেন।

এ ধরনের জটিলতা এড়াতে ৪৭তম বিসিএসের গেজেট প্রকাশের পর ৫০তম বিসিএসের সম্পূরক ফলাফল প্রকাশের প্রস্তাব দিয়েছেন তারা। এ ক্ষেত্রে ৪৪তম বিসিএসের সম্পূরক গেজেট প্রকাশের নজিরও তুলে ধরেন পরীক্ষার্থীরা।

তাদের ভাষ্য, ২০২৫ সালের ২৮ অক্টোবর সংশোধিত বিধি ১৭ কার্যকর হওয়ার পর পিএসসি চাইলে ৪৭তম বিসিএসের গেজেট প্রকাশের পর সম্পূরক ফলাফল প্রকাশ করে সংশ্লিষ্ট জটিলতার সমাধান করতে পারে।

পরীক্ষার্থীরা জানান, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয় ১০ ফেব্রুয়ারি। এরপর মাত্র ৫৮ দিনের ব্যবধানে ৯ এপ্রিল লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৩ জুলাই লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয় এবং ৩০ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা শেষ হয়।

‘এক বছরে এক বিসিএস’ বাস্তবায়নের উদ্যোগকে স্বাগত জানিয়ে তারা অল্প সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাদের প্রত্যাশা ছিল, মৌখিক পরীক্ষা শেষ হওয়ার দুই সপ্তাহের মধ্যেই চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

এ প্রসঙ্গে আগের কয়েকটি বিসিএসের ফল প্রকাশের সময়সূচিও তুলে ধরেন তারা। পরীক্ষার্থীদের দেওয়া তথ্য অনুযায়ী, ৪৪তম বিসিএসে মৌখিক পরীক্ষা শেষ হওয়ার ছয় দিন পর, ৪৫তম বিসিএসে ১০ দিন পর, ৪৬তম বিসিএসে ১৩ দিন পর, ৪৭তম বিসিএসে ১০ দিন পর এবং ৪৮তম বিসিএসে সাত দিনের মাথায় চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছিল।

কিন্তু ৫০তম বিসিএসের ক্ষেত্রে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় পরীক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা অনিশ্চয়তা ও মানসিক চাপের মধ্যে রয়েছেন বলে দাবি করেন বক্তারা। বিভিন্ন মাধ্যমে প্রকাশিত অসংগত ও বিভ্রান্তিকর তথ্যের কারণে পিএসসির প্রতি আস্থার সংকটও তৈরি হচ্ছে বলে জানান তারা। এ পরিস্থিতিতে বিলম্বের কারণ প্রকাশ করে পরীক্ষার্থীদের আশ্বস্ত করার আহ্বান জানান কমিশনের প্রতি।

সংবাদ সম্মেলনে সরকারি প্রশাসনে জনবল সংকটের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। পরীক্ষার্থীরা জানান, ৫০তম বিসিএসের মাধ্যমে ২ হাজার ১৫৫টি ক্যাডার পদে নিয়োগ দেওয়ার কথা রয়েছে। ফল প্রকাশে বিলম্ব হলে নিয়োগপ্রক্রিয়াও পিছিয়ে পড়বে। এতে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকার পাশাপাশি নাগরিক সেবা কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

সবশেষে পিএসসির চেয়ারম্যান ও সদস্যদের উদ্দেশে পরীক্ষার্থীরা বলেন, অন্য কোনো বিসিএসের জটিলতাকে কারণ দেখিয়ে ৫০তম বিসিএসের ফলাফল আটকে রাখা উচিত নয়। প্রয়োজনে সম্পূরক ফল প্রকাশের ব্যবস্থা করে দ্রুত নিয়োগপ্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব।

সংবাদ সম্মেলন থেকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের সময়সীমা বেঁধে দেন পরীক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক উপায়ে পরবর্তী কর্মসূচি পালনের প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।

জেবি/এএস/এসডি
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD