Logo

ক্লাস বন্ধ করে রাজপথে না নামার আহ্বান শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর, ২০২৬, ১৮:১৭
ক্লাস বন্ধ করে রাজপথে না নামার আহ্বান শিক্ষামন্ত্রীর
ছবি: সংগৃহীত

শিক্ষকদের বদলি, নিয়োগসহ বিভিন্ন সমস্যার সমাধানে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার আশ্বাস দিয়ে ক্লাস বন্ধ করে রাজপথে আন্দোলনে না নামার আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে দেশের বিভিন্ন প্রান্তের কলেজ অধ্যক্ষরা অংশ নেন।

শিক্ষকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আগেই জানিয়েছেন, যৌক্তিক দাবি আদায়ের জন্য শিক্ষকদের রাজপথে আসতে হবে না। আমিও তাঁর সঙ্গে একমত। প্রধানমন্ত্রী আমাদের দায়িত্ব দিয়েছেন। আপনাদের যৌক্তিক দাবিগুলো তাঁর কাছে উপস্থাপন করব। তবে আপনারা ক্লাস বাদ দিয়ে রাজপথে আসবেন না।

শিক্ষকদের বদলি ও নিয়োগসংক্রান্ত সমস্যার বিষয়ে তিনি বলেন, এসব সমস্যার সমাধান সরকারই করবে। সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে ইতোমধ্যে কাজ চলছে। শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে সরকার প্রতিনিয়ত সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিগত সরকারের ১৭ বছরের শাসনামলে শিক্ষাব্যবস্থার অবনতির অভিযোগ তুলে শিক্ষামন্ত্রী বলেন, ওই সময়ে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে এবং জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নৈরাজ্য চলেছে।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে পরিকল্পিত ও ভারসাম্যপূর্ণ উদ্যোগ ছাড়াই বিভিন্ন স্থানে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। অনেক কলেজে অনার্স কোর্স চালু করা হলেও সেখানে পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষার্থী নেই। বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে পরিণত করা।

শিক্ষার মানোন্নয়নে সরকারের অগ্রাধিকার তুলে ধরে এহছানুল হক মিলন বলেন, উন্নয়ন কার্যক্রম শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে না। শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং কর্মমুখী শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ সময় অ্যাভিয়েশন খাতে দক্ষ জনবল তৈরির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বজুড়ে দক্ষ পাইলট ও বিমান চলাচল খাতের প্রশিক্ষিত কর্মীদের চাহিদা বাড়ছে। বাংলাদেশেও বিমানবহরের সম্প্রসারণ ঘটছে। এ অবস্থায় দক্ষ পাইলট ও সংশ্লিষ্ট জনবল তৈরির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কোর্স ও পাঠ্যক্রম দ্রুত আধুনিকায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আগামী দিনের উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

জেবি/এএস/এসডি
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD