Logo

মুস্তাফিজ ইস্যুতে ভারতকে ‘ধিক্কার’ জানালেন মিশা সওদাগর

profile picture
বিনোদন প্রতিবেদক
৫ জানুয়ারি, ২০২৬, ১২:৩৭
মুস্তাফিজ ইস্যুতে ভারতকে ‘ধিক্কার’ জানালেন মিশা সওদাগর
ছবি: সংগৃহীত

আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পাওয়ার পরও শেষ পর্যন্ত দলে জায়গা না পাওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর।

বিজ্ঞাপন

বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার পেছনে স্থানীয় রাজনৈতিক চাপ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আপত্তির অভিযোগ তুলে তিনি সরাসরি ভারতীয় ক্রিকেট বোর্ডকে ‘ধিক্কার’ জানিয়েছেন।

রবিবার (৪ জানুয়ারি) নিজের জন্মদিন উপলক্ষে গণমাধ্যমের মুখোমুখি হন মিশা সওদাগর। এ সময় বিভিন্ন প্রসঙ্গের পাশাপাশি আলোচনায় আসে মুস্তাফিজুর রহমানের আইপিএল ইস্যু।

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, মুস্তাফিজ তো আমাদের একটা প্রতীক। যারা সংস্কৃতির এই প্রতিবন্ধকতা সৃষ্টি করল, তাদের আমি ধিক্কার জানাই।

ক্রিকেটপ্রেমী হিসেবে পরিচিত এই অভিনেতা মুস্তাফিজুর রহমানের ব্যক্তিত্ব ও ক্যারিয়ারের ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, “মুস্তাফিজ একজন অসাধারণ ক্রিকেটার। বাংলাদেশে মাশরাফির পরে এত দীর্ঘ সময় ধরে এত সমৃদ্ধ ক্যারিয়ার থাকা সত্ত্বেও তার মধ্যে অহংকারের এক ফোঁটাও নেই। এমন একজন খেলোয়াড়কে সম্মান দেওয়া উচিত ছিল।”

বিজ্ঞাপন

রাজনীতি ও সংস্কৃতির সংঘাত প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, ক্রীড়া ও শিল্পাঙ্গনে রাজনীতি ঢুকিয়ে দেওয়া অত্যন্ত কুরুচিপূর্ণ। তাঁর মতে, সংস্কৃতি ও খেলাধুলা হওয়া উচিত মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করার মাধ্যম, বিভাজনের হাতিয়ার নয়।

তিনি বলেন, “সংস্কৃতির সঙ্গে রাজনীতি মিশিয়ে ফেলা মানে সেই সংস্কৃতিকেই অপমান করা। শিল্প ও ক্রীড়াঙ্গন হওয়া উচিত উন্মুক্ত ও স্বাধীন।”

বিজ্ঞাপন

এই অভিনেতা আরও বলেন, রাজনৈতিক বা উগ্র মানসিকতার কারণে যারা সংস্কৃতি ও খেলাধুলার স্বাভাবিক গতিপথে বাধা সৃষ্টি করেছে, তারা খুবই বাজে রুচির পরিচয় দিয়েছে।

তিনি বলেন, খুব দুঃখের সঙ্গে বলতে হয়, এ ধরনের মানসিকতা আমাদের সমাজ ও বিশ্ব ক্রীড়াঙ্গনের জন্য অশুভ। এর তীব্র নিন্দা জানাই।

মিশা সওদাগরের মতে, মুস্তাফিজুর রহমানের মতো আন্তর্জাতিক মানের একজন ক্রিকেটারকে এভাবে আটকে দেওয়ার চেষ্টা শুধু বাংলাদেশের ক্রিকেটের জন্য নয়, বরং বিশ্ব ক্রীড়াঙ্গনের জন্যও একটি নেতিবাচক দৃষ্টান্ত তৈরি করল। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে খেলাধুলার ক্ষেত্রে এমন সংকীর্ণ দৃষ্টিভঙ্গির পুনরাবৃত্তি হবে না।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD