Logo

বড় পর্দায় আসছে নিশো-মেহজাবীন জুটি

profile picture
বিনোদন প্রতিবেদক
২৫ জানুয়ারি, ২০২৬, ১২:১১
বড় পর্দায় আসছে নিশো-মেহজাবীন জুটি
ছবি: সংগৃহীত

টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী দীর্ঘদিন ধরেই দর্শকদের প্রিয় জুটি হিসেবে পরিচিত। ছোট পর্দায় তাদের একসঙ্গে উপস্থিতি মানেই বাড়তি আগ্রহ। তবে সাম্প্রতিক সময়ে নিশো সিনেমার কাজে ব্যস্ত হয়ে পড়ায় এই জুটিকে একসঙ্গে দেখা যায়নি বেশ কিছুদিন। এবার সেই বিরতির অবসান ঘটতে পারে—শোনা যাচ্ছে, তারা একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন একটি চলচ্চিত্রে।

বিজ্ঞাপন

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আলোচিত নির্মাতা ভিকি জাহেদ এই দুই তারকাকে নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন। যদিও এ বিষয়ে নির্মাতা বা শিল্পীদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেওয়া হয়নি, তবু প্রকল্পটির প্রাথমিক প্রস্তুতি নাকি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শিগগিরই বিস্তারিত তথ্য প্রকাশ পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ভিকি জাহেদের ওয়েব ফিল্ম ‘রেডরাম’-এ এই জুটির উপস্থিতি দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। ফলে বড় পর্দায় তাদের রসায়ন কেমন হয়—তা নিয়েও আগ্রহ তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।

বিজ্ঞাপন

বর্তমানে আফরান নিশো নির্মাতা রেদওয়ান রনির সিনেমা ‘দম’-এর কাজ শেষ করেছেন। অন্যদিকে, মেহজাবীন চৌধুরী ব্যস্ত সময় পার করছেন শিহাব শাহীনের একটি ওয়েব সিরিজে, যেখানে তার সহশিল্পী প্রীতম হাসান।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD