Logo

ন্যায়বিচার চেয়ে আদালতের দ্বারস্থ কৌশানি!

profile picture
বিনোদন ডেস্ক
৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:৩১
ন্যায়বিচার চেয়ে আদালতের দ্বারস্থ কৌশানি!
ছবি: সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি এবার ন্যায়বিচারের দাবিতে আদালতের দ্বারস্থ হচ্ছেন। তবে বাস্তব জীবনে নয়, বরং ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর নতুন ওয়েব সিরিজ ‘আদালত ও একটি মেয়ে’-তে। সিরিজটিতে তাকে দেখা যাবে এক লড়াকু নারীর চরিত্রে, যিনি নিজের অধিকারের জন্য আইনি লড়াইয়ে নামেন।

বিজ্ঞাপন

সম্প্রতি সিরিজটির প্রি-টিজার মুক্তি পাওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। দর্শকদের কৌতূহল বাড়িয়েছে কৌশানীর ভিন্নধর্মী চরিত্র ও গল্পের বিষয়বস্তু। এই সিরিজে কৌশানী অভিনয় করেছেন ‘জয়িতা চৌধুরী’ নামের এক নারীর চরিত্রে। গল্পে দেখা যাবে, জয়িতা তার কর্মক্ষেত্রে নিয়মিত হেনস্তা ও অবমাননার শিকার হন। দিনের পর দিন ছোট ছোট অপমান সহ্য করতে করতে একসময় তিনি আর নীরব থাকতে চান না।

নিজের অধিকার আদায়ের লক্ষ্যে জয়িতা একাই আদালতের দ্বারস্থ হন। সেখান থেকেই শুরু হয় তার কঠিন আইনি লড়াই। সমাজ ও ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে একজন সাধারণ নারীর ন্যায়বিচারের সংগ্রামই সিরিজটির মূল উপজীব্য। জয়িতার বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সৌম্য ব্যানার্জি।

বিজ্ঞাপন

গত বছর থেকেই নিজেকে নতুনভাবে পর্দায় হাজির করছেন কৌশানী মুখার্জি। নির্মাতা শিবপ্রসাদ ও নন্দিতা রায়ের ‘বহুরূপী’ সিনেমায় তার অভিনয় দর্শকমহলে বেশ প্রশংসিত হয়। এরপর ‘কিলবিল সোসাইটি’ ও ‘রক্তবীজ ২’ সিনেমার মাধ্যমেও তিনি নিজের জাত চিনিয়েছেন। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার আদালতের ময়দানে লড়াকু চরিত্রে তার এই নতুন যাত্রা ভক্তদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে।

জয়দীপ মুখার্জি পরিচালিত এই সিরিজে কৌশানী মুখার্জি ও সৌম্য ব্যানার্জির পাশাপাশি অভিনয় করেছেন কৌশিক সেন, রাহুল ব্যানার্জি, বাসবদত্তা চ্যাটার্জি, প্রতীক দত্ত ও অনিরুদ্ধ গুপ্ত—যারা প্রত্যেকেই শক্তিশালী অভিনয়ের জন্য পরিচিত।

বিজ্ঞাপন

সব মিলিয়ে সামাজিক বাস্তবতা, নারীর অধিকার ও আইনি লড়াইকে কেন্দ্র করে নির্মিত ‘আদালত ও একটি মেয়ে’ দর্শকদের জন্য হতে যাচ্ছে এক ভিন্নধর্মী অভিজ্ঞতা। সিরিজটি আগামী ২০ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পাবে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD