Logo

‘দম’ নিয়ে ভিন্নধর্মী অভিজ্ঞতায় আফরান নিশো

profile picture
বিনোদন প্রতিবেদক
২৪ মার্চ, ২০২৬, ২০:৪৯
‘দম’ নিয়ে ভিন্নধর্মী অভিজ্ঞতায় আফরান নিশো
ছবি: সংগৃহীত

ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়া দম সিনেমাটি নিয়ে ভিন্নধর্মী অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেতা আফরান নিশো। ছবিতে শাহজাহান ইসলাম নূর চরিত্রে অভিনয় করা এই অভিনেতা জানিয়েছেন, ক্যারিয়ারে এত কঠিন পরিবেশে আগে কখনো কাজ করেননি।

বিজ্ঞাপন

সোমবার সন্ধ্যায় গণমাধ্যমের এক বিশেষ লাইভ আয়োজনে অংশ নেন নির্মাতা রেদওয়ান রনি, নিশো, অভিনেত্রী পূজা চেরী এবং প্রযোজক শাহরিয়ার শাকিল। অনুষ্ঠানে সিনেমাটির শুটিং অভিজ্ঞতা ও নানা অজানা দিক নিয়ে খোলামেলা আলোচনা হয়।

নিশো বলেন, কাজাখস্তানের তীব্র ঠান্ডায় শুটিং করা ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। অনেক কাজ করেছি, কিন্তু এমন অভিজ্ঞতা হয়নি। তাপমাত্রা মাইনাস ৮ হলেও অনুভূত হতো মাইনাস ১৫-এর মতো। বাইরে দেখে মনে হতো আবহাওয়া স্বাভাবিক, কিন্তু বাস্তবে তা একেবারেই ভিন্ন।

বিজ্ঞাপন

প্রযোজক শাহরিয়ার শাকিল শুটিংয়ের সময়কার একটি ঘটনা তুলে ধরে বলেন, একদিন নিশোর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় শুটিং বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে পরে জানা যায়, অসুস্থতা সত্ত্বেও কাজ চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন এই অভিনেতা। তার এই নিবেদনই সিনেমার প্রতি গভীর ভালোবাসার প্রমাণ বলে মন্তব্য করেন তিনি।

অন্যদিকে ছবিতে ‘রানী’ চরিত্রে অভিনয় করা পূজা চেরী জানান, এই সিনেমাটি তার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, এটি শুধু একটি সিনেমা নয়, আমার জন্য এক ধরনের আবেগ এবং নতুন অধ্যায়।

বিজ্ঞাপন

নির্মাতা রেদওয়ান রনি বলেন, দুর্গম লোকেশন ও সীমিত সুযোগ-সুবিধার মধ্যেই শুটিং করতে হয়েছে। অনেক সময় খাবার ও পানির মতো প্রয়োজনীয় জিনিসও সহজে পাওয়া যায়নি। গভীর রাতে যাত্রা শুরু করে ভোরেই শুটিং শুরু করার মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে পুরো টিমকে।

তিনি আরও জানান, ছবিটি একটি সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত। প্রতিকূল পরিবেশে কাজ করার জন্য পুরো টিমের মানসিক দৃঢ়তা ও পেশাদারিত্বই এই চলচ্চিত্রের বড় শক্তি।

বিজ্ঞাপন

‘দম’ শুধু একটি সিনেমা নয়, বরং এর পেছনের গল্প, সংগ্রাম ও অভিজ্ঞতা এটিকে আরও বিশেষ করে তুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD