Logo

কাউকে হতাশ করতে চাই না : প্রীতি জিনতা

profile picture
বিনোদন ডেস্ক
২৯ এপ্রিল, ২০২৬, ১৭:৫২
কাউকে হতাশ করতে চাই না : প্রীতি জিনতা
ছবি: সংগৃহীত

বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের কৌতূহল সবসময়ই তুঙ্গে থাকে। ঘরের বাইরে বের হলেই ক্যামেরার ফ্ল্যাশ আর পাপারাজ্জিদের নজর এড়ানো কঠিন হয়ে পড়ে তাদের জন্য। এই পাপারাজ্জি সংস্কৃতি নিয়ে দীর্ঘদিন ধরেই বলিউডে বিতর্ক চলছে। এর আগে জয়া বচ্চনের মতো অনেকেই এ নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন। এবার একই বিষয়ে নিজের অবস্থান তুলে ধরলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা।

বিজ্ঞাপন

অভিনেত্রী জানান, ভক্তদের ভালোবাসা পেতে তিনি সবসময়ই পছন্দ করেন এবং কাউকে ফিরিয়ে দেওয়া তার স্বভাব নয়। প্রীতির কথায়, ‘আমি কাউকে হতাশ করতে চাই না।’ তবে এই না ফেরানোর মানসিকতার সুযোগ নিয়ে কেউ যখন তার ব্যক্তিগত পরিসরে হানা দেয়, তখন বিষয়টি তার কাছে সহ্যের সীমা ছাড়িয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরে প্রীতি লিখেছেন, তিনি কখনোই ছবি তোলার অনুরোধে ‘না’ বলেন না। কিন্তু না জানিয়ে ছবি তোলা, জিমের বাইরে অপেক্ষা করা বা বাড়ির ভেতরের ব্যক্তিগত মুহূর্ত গোপনে ধারণ করা তাকে ভীষণ বিরক্ত করে।

বিজ্ঞাপন

উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘জীবন আমার কাছে একটা ভারসাম্য রক্ষার খেলা। আমি ব্যক্তিগতভাবে নিরিবিলি থাকতেই ভালোবাসি। ভক্তদের সঙ্গে কথা বলতে ভালো লাগে, কাউকে হতাশ করতে চাই না কিন্তু সবাই যেন ছবি তোলার আগে একবার অনুমতি নেয়। অনুমতি চাইলে আমি কখনোই না করি না, সমস্যাটা হয় অনুমতি না নিলেই।’

জয়া বচ্চনের মতো প্রীতিও মনে করেন, একজন তারকার জীবন অনেকটাই উন্মুক্ত হলেও তাদের ব্যক্তিগত মুহূর্তগুলো সবার সামনে আসা উচিত নয়। বিনোদন জগতের ঝলমলে জীবনের আড়ালে যে ব্যক্তিগত গোপনীয়তার প্রয়োজন রয়েছে, সেটি সম্মান করার আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD